চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় রোববার জামায়াত-শিবিরের মিছিল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ অন্তত ২৩ জন আহত হয়েছে।
এ ঘটনায় পুলিশ জামায়াত-শিবিরের ১৫ জনকে গ্রেপ্তার করেছে।
আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি জমির উদ্দিন সাংবাদিকদের বলেন, বিকাল সোয়া ৫টার দিকে শিবগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন জামায়াত অফিস থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
পুলিশ মিছিলে বাধা দিলে জামায়াত-শিবির নেতাকর্মীরা ইটপাটকেল ও লঠিসোঠা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
এরপর পুলিশ লাঠিপেটা এবং ছয় রাউন্ড টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে।
আহতদের মধ্যে রয়েছেন পুলিশ কনস্টেবল নুরুল, রাজ্জাক ও শরিফুল। এছাড়া জামায়াত শিবিরের অন্তত ২০ জন আহত হয়েছেন।
ঘটনায় জড়িত অভিযোগে সন্ধ্যায় জামায়াত অফিস থেকে গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন আলাউদ্দিন, খাইরুল, আজম ও সাহাবুদ্দিন। বাকিদের নাম জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৩ ঘ.
bdnews24