২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রীকে পচাতে উপদেষ্টারাই যথেষ্ট’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীকে হলমার্ক কেলেঙ্কারির হোতা হিসেবে অভিযোগ করে এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 02:53 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য তার উপদেষ্টারাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। রোববার বিকালে নগরীর নাসিমন ভবনের সামনে চট্টগ্রামের ১৮ দলীয় জোট আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হান্নান শাহ বলেন, “বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীকে পচানোর জন্য বিএনপি-জামায়াত জোটের প্রয়োজন নেই। এজন্য তার আশেপাশে থাকা উপদেষ্টারাই যথেষ্ট।” ১৮ দলীয় জোট এত সহজেই তাদের ছেড়ে দেবে না উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতিবাজ এ সরকারকে হটানো ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চলবে। হান্নান বলেন, সোনালী ব্যাংকের অর্থ কেলেঙ্কারি যারা করেছেন তাদের সবার গডফাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোদাচ্ছের সাহেব। বিশ্বব্যাংকের পদ্মাসেতুর ঋণচুক্তি বাতিলের জন্য দায়ী মসিউর সাহেব। আর দেশের জনগণ গ্যাস না পাওয়ার জন্য দায়ী তৌফিক-ই-এলাহী। চাল-ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতি, পানি-বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিদ্যুতে কুইক রেন্টালের নামে দেশে সবচেয়ে বড় লুটপাট হচ্ছে। তিনি বলেন, “দেশ এমন পর্যায়ে গেছে, যেখানে অর্থমন্ত্রী বলছেন তিনিই দেশের সবচেয়ে ঘৃণিত মানুষ। তাহলে শেখ হাসিনার সরকারের অন্য মন্ত্রীদের কি অবস্থা হতে পারে তা কল্পনা করা যায়।” চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর জামায়াতে ইসলামীর আমীর সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, নগর জামায়াতের নায়েবে আমীর আহসান উল্লাহ, বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন ও নগর সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএএইচ/এএল/২০৪৭ ঘ.