২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফাঁকি’ দিয়ে নথিতে সইয়ের অভিযোগ আলালের বিরুদ্ধে

আদালতের কর্মচারীদের ফাঁকি দিয়ে পুরনো একটি ওকালতনামায় আইনজীবী হিসাবে সই দেয়ার অভিযোগ উঠেছে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের কর্মচারীদের ফাঁকি দিয়ে পুরনো একটি ওকালতনামায় আইনজীবী হিসাবে সই দেয়ার অভিযোগ উঠেছে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে। রোববার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে দুপুর সাড়ে ১২টায় ওই ঘটনার পর বিচারকের কাছে লিখিত অভিযোগ করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার আতাউর রহমান। আগামী ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির দিন রেখেছেন বিচারক ফজলে এলাহী। ঘটনার প্রত্যক্ষদর্শী ও আদালতের পিয়ন আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতের অনুমতি না নিয়ে একটি দেওয়ানি মামলায় ২০১০ সালের ১৮ অগাস্ট বাদীরপক্ষের দাখিল করা ওই ওকালত নামায় সই করেন আলাল। ঘটনার সময় এজলাসে কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন। আর বিচারক খাস কামরায় ছিলেন বলে সাত্তার জানান। তবে লুকিয়ে সই করার অভিযোগ অস্বীকার করেছেন আলাল। অভিযোগের বিষয়ে পেশকার আতাউর রহমান জানান, নথিতে সংরক্ষিত পুরানো কোনো ওকালতনামায় আইনজীবী হিসাবে সই করতে গেলে বিচারকের অনুমতি নেয়ার বাধ্য বাধকতা রয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, “আলাল সাহেব আমাকে না জানিয়ে ওই মামলার নথি নিয়ে আদালত কক্ষে বসেছিলেন। এ সময় উনার কাছে গিয়ে দেখি, তিনি গত বছরের ১৮ আগস্ট তারিখের ওকালত নামায় সই করছেন।” এর কারণ জানতে চাইলে আলাল কোনো উত্তর না দিয়ে নথিতে সই করে দলবল নিয়ে চলে যান বলে আতাউর রহমান জানান। পেশকার বলেন, “আলাল সাহেব চুরি করে স্বাক্ষর দিয়েছেন, যা তিনি করতে পারেন না।” আব্দুল মমিন ও শওকত আলীসহ বেশ কয়েকজন আইনজীবী ঘটনার সময় আদালতে উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করেছেন আতাউর রহমান। অন্যদিকে আলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি কোনো নথিতে ‘চুরি করে’ সই করেননি। “আজ আমি নথি দেখতে গিয়েছিলাম”, বলেন আলাল। ২০১০ সালের ৬ জুন উত্তরা আবদুল্লাপুরের ইদ্রিস আলী নামের এক ব্যক্তি ১ একর ৪৭ শতাংশ জমির রেকর্ড সংশোধনের জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। প্রথমে এ মামলার উকিল হিসেবে কাজী ইলিয়াসুর রহমানকে নিয়োগ করেন বাদী। পরে তিনি সিদ্দিকুর রহমান নামে আরেকজনকে নিয়োগ দেন। গত ১৩ অগাস্ট বাদীর পক্ষে তৃতীয় উকিল হিসেবে মনিরুল ইসলাম ওকালত নামায় স্বাক্ষর করেন। ওই দিন সিদ্দিকুর রহমান ও মনিরুল ইসলাম নিজেদের বাদী পক্ষের উকিল দাবি করে পৃথক হাজিরা দাখিল করেন । এ নিয়ে জটিলতায় বিচারক আদেশে বলেন, এক পক্ষে দুই জন উকিল একই তারিখে ভিন্ন ভিন্ন হাজিরা দাখিল করতে পারেন না। এই ‘ঝামেলা’ মিটিয়ে ফেলার জন্য আইনজীবীদের নির্দেশ দেন তিনি। এরই মধ্যে আলাল নিজেকে এ মামলার আইনজীবী দাবি করে ‘এই নতুন কাহিনী’ করলেন বলে মন্তব্য করেন পেশকার আতাউর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৯১৯ ঘ.