ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ মতিউর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে সোমবার পর্যন্ত জাতীয় সংসদের চলমান অধিবেশন মুলতবি করা হয়েছে।
কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে বৃহস্পতিবার রাতে মারা যান টাঙ্গাইল-৩ আসনের সাংসদ হৃদরোগ বিশেষজ্ঞ মতিউর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
তার মৃত্যুতে দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে- শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথার মধ্য দিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, “আমরা একজন সংসদ সদস্যই নয়, একজন সমাজসেবক, বিশেষজ্ঞ চিকিৎসককে হারিয়েছি।”
প্রয়াত এই সাংসদরে আত্মার শান্তি কামনা এবং টাঙ্গাইল-৩ এলাকাবাসীর প্রতি সমবেদনা প্রকাশ করে সংসদ নেতা বলেন, “মতিউর রহমান রাজনীতি সচেতন ছিলেন। হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে সমাজে তার যথেষ্ট অবদান রয়েছে।”
১৯৯৪ সালে ওমরাহ হজ করতে গিয়ে এই চিকিৎসকের সঙ্গে পরিচয় হয়েছিল বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “মতিউর রহমান প্রায় ১৭ বছর জেদ্দার বাদশাহ ফাহাদ হাসপাতালে চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন। ১৯৯৪ সালে আমি প্রথম ওমরাহ করতে যাই। তখনই তার সঙ্গে আমার পরিচয়। দেশের মানুষের সেবা করবেন বলেই তিনি ফিরে এসেছিলেন।”
রোববার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মতিউর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছেন। সোমবার টাঙ্গাইলে তাকে দাফন করা হবে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে শোক প্রস্তাবের ওপর আলোচনায় আরো অংশ নেন বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক, চিফ হুইপ আব্দুস শহীদ, সরকার দলীয় সাংসদ আব্দুল মতিন খসরু, কামাল আহমেদ মজুমদার, সিরাজুল আকবর এবং মুজিবুর রহমান ফকির।
পরে সর্বসম্মতক্রমে শোক প্রস্তাবটি গ্রহণ করা হয়। এরপর চলমান সংসদের সদস্যের মৃত্যুতে রেওয়াজ অনুযায়ী অধিবেশনের মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার শওকত আলী।
এর আগে বিকাল ৪টা থেকে পৌনে ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারদলীয় সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।
সংসদীয় দলের বৈঠকের শুরুতেই প্রয়াত দলীয় সাংসদ মতিউর রহমানকে নিয়ে আলোচনার আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এএল/১৯০২ ঘ.
bdnews24