ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার অভিযোগে করা মামলা খারিজ করে আদালতের দেয়া আদেশ পুনর্বিবেচনার আবেদন হয়েছে।
মামলার বাদী লক্ষ্মীপুর-৪ আসনের সাংসদ ও বিএনপি নেতা এবিএম আশরাফ উদ্দিন রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই ‘রিভিশন’ আবেদন করেন।
বিচারক মো. জহুরুল হক আগামী ২৭ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির দিন রেখেছেন।
বাদীর আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে বলেন, “পুলিশের প্রহারের জলজ্যন্ত ঘটনা বেমালুম চেপে গিয়ে অপরাধী পুলিশ কর্তাদের রক্ষা করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। বাদীকে নোটিশ না দিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতও আসামিদের অব্যাহতির প্রতিবেদন একতরফাভাবে গ্রহন করেছেন। তাকে না-রাজি আবেদন দাখিলেরও সুযোগ দেয়া হয়নি।”
গত বছরের ৬ জুলাই বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
এ ঘটনায় লক্ষীপুরের সাংসদ এবিএম আশরাফ উদ্দিন ১০ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করেন।
কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের কমিশনার (গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ) মো. ওবায়দুল হক গত ১২ অগাস্ট আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত তা গ্রহণ কররে মামলাটি বাতিল হয়ে যায়।
পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, ওই দিন জয়নুল আবদিন ফারুকসহ বিরোধী দলের সাংসদদের আক্রমণের শিকার হয়ে এডিসি হারুন অর রশিদ, সিনিয়র এসি বিপ্লব কুমার সরকার কয়েকজন পুলিশ আহত হন।
“তবে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের আইনি পদক্ষেপ গ্রহণে পরিকল্পনার অভাব ও বিক্ষিপ্তভাবে পুলিশ ‘অ্যাকশনের’ কারণে এ ধরনের দুঃখজনক ঘটনার অবতারণা হয়।”
ফারুকের ‘আক্রমণাত্মক’ আচরণ এবং সাংসদ সৈয়দা আফিয়া আশরাফি পাপিয়া ও শাম্মী আক্তারের ‘উসকানিমূলক’ আচরণের কারণে ওই ঘটনার সূত্রপাত হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৪১২ ঘ.
bdnews24