২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফসারের অভিযোগে রিমির ব্যাখ্যা চাওয়া হয়েছে

কাপাসিয়ার উপ-নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিনের অভিযোগে সিমিন হোসেন রিমির ব্যাখ্যা চেয়েছে নির্বাচন অফিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 01:39 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাপাসিয়ার উপ-নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিনের অভিযোগে সিমিন হোসেন রিমির ব্যাখ্যা চেয়েছে নির্বাচন অফিস। রোববার বিকালে রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ এক পত্রে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সিমিন হোসেন রিমিকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে। মিহির সারোয়ার মোর্শেদ সাংবাদিকদের বলেন, সিমিন হোসেন রিমির বিরুদ্ধে আফসার উদ্দিন আহমেদ খান আচরণবিধি লংঘনের ব্যাপারে লিখিত ও মৌখিক অভিযোগ করেছেন। অভিযোগে তিনি বলেন, প্রচারণার নির্ধারিত সময়সীমার তিন সপ্তাহ আগে ‘মা’ সমাবেশের মাধ্যমে রিমি নির্বাচনী প্রচার চালান। প্রতীক বরাদ্দের দু’দিন আগে প্রতীকসহ পোস্টার টানানো হয়। আফসার উদ্দিন আহমেদের নির্বাচনী প্রচারনায় কর্মীদের বাধা সৃষ্টি, মাইক ছিনতাই এবং কর্মীদের মারধর করে রিমির সমর্থকরা। রিটার্নিং কর্মকর্তার চিঠিতে রিমিকে লিখিত বক্তব্য প্রদানসহ নির্বচানী আচরণবিধি যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়। গত সোমবার (১০ সেপ্টেম্বর) কাপাসিয়া বাজারে গণসংযোগকালে রিমির কর্মীরা আফসারের কর্মীদের বাধা দেয় এবং মারধর করে। ওইদিনই আফসার উদ্দিন খান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করেন। এছাড়া পরদিন বলাদা ও দরদরিয়ায় রিমির কর্মীরা আবারো তার নির্বাচনী প্রচারণার মাইক ও মাইক্রোফোন ছিনিয়ে নেয় বলে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ করেন আফসার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩০ ঘ.