২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার মন্ত্রিত্ব বিরোধীদলের এজেন্ডা হতে পারে না: তোফায়েল

আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, মন্ত্রী হলাম কি হলাম না এটা বিরোধীদলের কোনো এজেন্ডা হতে পারে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, মন্ত্রী হলাম কি হলাম না এটা বিরোধীদলের কোনো এজেন্ডা হতে পারে না। শনিবার গাজীপুরে আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, যাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই বিরোধীদল হিসেবে যাদের কোনো দায়িত্ব নেই, বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে তারা লুফে নেয়। কাপাসিয়ায় নির্বাচনী জনসভায় যোগ দিতে এসে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপি’র পক্ষ থেকে সরকারের যেসব ব্যর্থতার কথা বলা হচ্ছে সেগুলো তুচ্ছ। কেবলমাত্র রাজনৈতিক ফায়দা লোটার জন্য। তিনি আরো বলেন, “আমি মন্ত্রিত্ব নিলাম কি নিলাম না, আওয়ামী লীগের মতো একটা দলের তাতে কিছু যায় আসে না। আওয়ামী লীগ বিশাল একটি রাজনৈতিক দল। “এই দলের প্রধান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রনায়কোচিতভাবে আজকে দেশের নেতৃত্ব দিয়ে চলেছেন। সুতরাং আমার মধ্যে কোনো হতাশাও নেই। কোনো ক্ষোভও নেই।” তোফায়েল আরো বলেন, “আমি দলকে ভালোবাসি। সেই দলের বিজয়ের মধ্য দিয়ে আমাদের সরকার গঠিত হয়েছে। সেই সরকারের ভালোমন্দের সঙ্গে আমি জড়িত। ব্যক্তিগতভাবে আমি মন্ত্রী না হওয়ায় আমার কোনো ক্ষোভ নেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩০ ঘ.