২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ করেই টেলিযোগাযোগে নতুনরা

মন্ত্রী, সচিব ও নিয়ন্ত্রক সংস্থার প্রধান পদে নতুন মুখ পাচ্ছে টেলিযোগাযোগ খাত। বিনিয়োগ ও সেবার ক্ষেত্রে প্রবৃদ্ধির তালিকায় থাকা এ খাত শনিবার পেয়েছে নতুন মন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 03:44 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রী, সচিব ও নিয়ন্ত্রক সংস্থার প্রধান পদে নতুন মুখ পাচ্ছে টেলিযোগাযোগ খাত। বিনিয়োগ ও সেবার ক্ষেত্রে প্রবৃদ্ধির তালিকায় থাকা এ খাত শনিবার পেয়েছে নতুন মন্ত্রী। শনিবার রাজিউদ্দিন আহম্মেদ রাজুকে ডাক ও টেলিযোগাযোগ থেকে সরিয়ে শ্রম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর তার স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এর কয়েকদিন আগেই ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান আবু বকর সিদ্দিককে। বর্তমান সচিব সুনীল কান্তি বোসের চুক্তির মেয়াদ শেষ হলেই তিনি দায়িত্ব নেবেন। এ ছাড়া গত সোমবার ভোরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তবে এ পদে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি। টেলিযোগ খাত দুটি বড় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এর একটি তৃতীয় প্রজন্মের (থ্রিজি) টেলিযোগাযোগ সেবার নিবন্ধন এবং অন্যটি ভিওআইপি। ইন্টারনেট বিস্তারের ফলে বর্তমানে টেলিযোগাযোগ খাত থেকে পাওয়া যাচ্ছে বিভিন্ন সেবা। এরমধ্যে ছয়টি মোবাইল অপারেটরের মাধ্যমে মোবাইল ফোন সেবা, ইন্টারনেট, কল সেন্টার, ভি-স্যাট, আইপি টেলিফোনি সেবা, পিএসটিএন, ইন্টারন্যাশনাল গেটওয়ে, ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ ও ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে বিভিন্ন সেবা পাওয়া যাচ্ছে। বিটিআরসির হিসেবে, গত জুলাই পর্যন্ত দেশে নিবন্ধিত মোবাইল ফোন সিম গ্রাহকের সংখ্যা ৯ কোটি ৪৭ লাখ এবং ইন্টারনেট গ্রাহকের সংখ্যা দুই কোটি ৯৪ লাখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/২১৩৭