২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বিশ্বাস রক্ষার চেষ্টা করব: ইনু

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন জাসদ সভাপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রীর বিশ্বাস ও আস্থা রক্ষা করতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ফেরার পথে মাওয়া ঘাট থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। ইনু বলেন, “টেলিফোনে আমি জানতে পেরেছি আমাকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এটা একটা বড় দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি বিশ্বাস ও আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন, আমি সেটা পালন করতে চেষ্টা করবো।” শনিবার নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনের পাশাপাশি পুরনো কয়েকজন মন্ত্রীর দপ্তর রদবদল হয়েছে। নতুন মন্ত্রীদের মধ্যে হাসানুল হক ইনু ছাড়াও মুজিবুল হক রেলপথ, এ এইচ মাহমুদ আলী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, মোস্তফা ফারুক মোহাম্মদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। প্রতিমন্ত্রীদের মধ্যে ওমর ফারুক চৌধুরী শিল্প এবং আব্দুল হাই পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংবাদকর্মীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান ইনু। তিনি বলেন,“যারা আমাদের সংবাদ মাধ্যমকে জীবন্ত করে রেখেছেন তাদের ওয়েজ বোর্ডের ব্যাপারে সাংবাদিক, সাংবাদিক নেতা, মালিকপক্ষসহ সব স্তরের নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/১৯৫৯ ঘ.