নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে শনিবার পুলিশের সঙ্গে ছাত্র শিবির কর্মীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
চাষাঢ়া নূর মসজিদের সামনে এ সংঘর্ষে আহতদের মধ্যে পুলিশও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানবী হযরত মুহাম্মদকে (সা.) কটাক্ষ করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে চাষাঢ়ার বঙ্গববন্ধু সড়কের নূর মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির।
পুলিশে মিছিলে বাধা দিলে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিকেএমইএ’র নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে অবস্থান নেয়া আওয়ামী ও ছাত্রলীগ কর্মীরাও এ সময় ছাত্র শিবিরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘণ্টা স্থায়ী ওই সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৯০০ ঘ.
bdnews24