২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবের মাধ্যমে আমন্ত্রণে ক্ষোভ মেননের

“এ ধরনের আমন্ত্রণ কোন সভ্য দেশে হয় কিনা আমার জানা নেই,” মন্ত্রিত্ব প্রত্যাখ্যানের একদিন পর এ কথা বললেন ওয়ার্কার্স পার্টির সভাপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 12:53 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিত্ব প্রত্যাখ্যানের একদিন পর ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, রাজনৈতিক প্রক্রিয়ায় তাকে আমন্ত্রণ জানানো হয়নি। শুক্রবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। মেনন বলেন, “যে প্রক্রিয়ায় মন্ত্রিপরিষদের যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল সেটি কখনোই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ ছিল না। এই আমন্ত্রণ এলো সচিব হয়ে। এ ধরনের আমন্ত্রণ কোন সভ্য দেশে হয় কিনা আমার জানা নেই।” এর জন্য কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা দায়ী বলে মনে করেন মহাজোটের অন্যতম শরিক দলের এই নেতা। বুধবার রাতে সরকারের পক্ষ থেকে মন্ত্রিসভায় যোগ দেয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচ জন এবং শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাসদ প্রধানকে আমন্ত্রণ জানানো হয়। পরদিন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ ও ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন জানান তারা যোগ দেবেন না। এ পরিস্থিতিতে অপর দুই আওয়ামী লীগ নেতাকে আমন্ত্রণ জানিয়ে বিকালে বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হয়। তবে মন্ত্রিত্ব প্রত্যাখ্যানের সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের অবনতি হবে না বলে জানান রাশেদ খান মেনন। তিনি বলেন, “মন্ত্রিত্ব না নেয়ায় কিছু প্রতিক্রিয়া সৃষ্টি হতেই পারে। এ দূরত্ব সাময়ীক হলেও বড় কিছু না। আওয়ামী লীগও এটাকে স্বাভাবিক ভাবেই নিয়েছে। এজন্য তাদের ধন্যবাদ। ভবিষ্যতে অসাম্প্রদায়িক ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে এ সরকারই শেষ ভরসা।” সরকারের ব্যর্থতার দায়ভার না নিতেই মন্ত্রিত্ব বর্জনের সিদ্ধান্ত কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেনন বলেন, “আমরা আগেই বলেছি সরকারের কোনো ভ্রান্ত পদক্ষেপের দায়িত্ব আমরা নেব না। তার মানে এই না যে, সরকারের ব্যর্থতার বোঝা আমাদের ঘাড়ে পড়বে না। না চাইলেও আমাদের তা নিতে হবে।” গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করেন ওয়ার্কার্স পার্টি প্রধান। তিনি বলেন, “প্রথম থেকেই গণতান্তিক ভাবে সরকার পরিচালিত হলে ভাল হতো। তাহলে দায়িত্ব নিতে কোনো অসুবিধার কারন ছিল না বলে মনে করি।” ‘আওয়ামী লীগ বুর্জোয়া দল’ মতাদর্শগত পার্থক্য থাকা স্বত্বেও আওয়ামী লীগের সঙ্গে জোট করা প্রসঙ্গে মেনন বলেন, “এটা সত্য যে, আওয়ামী লীগ একটি বুর্জোয়া দল। এটা সত্য যে, স্বাধীনতার আগের এবং বর্তমান আওয়ামী লীগের মধ্যে অনেক তফাৎ। সাম্প্রদায়িক রাজনৈতিক ধারা থেকে জাতিকে বের করে আনতে সাময়ীক কিছু কম্প্রমাইজ (সমঝোতা) করতে হচ্ছে।” আর এ জন্যই রাজনৈতিক দলগুলোকে কৌশলে নমনীয় হতে হয় দাবি করেন তিনি। ‘পদ্মা সেতুতে অর্থায়ন প্রসঙ্গ’ পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধের বিষয়কে চাপ সৃষ্টির কৌশল বলে মনে করেন রাশেদ খান মেনন। এ বিষয়ে তিনি বলেন, “রাজনৈতিক পদক্ষেপ হিসেবে বিশ্বব্যাংক চাপ সৃষ্টি করতেই এমনটি করেছে। বিশ্ব ব্যাংকের শর্ত অনুসারে সরকার দুর্নীতির বিষয়ে তদন্ত করছে। কিন্তু জনে জনে পদত্যাগ করতে হবে, এটার একটা ভিন্ন উদ্দেশ্য আছে। কোনো শর্তের কাছে আত্মসমর্পণ করাটা জাতি হিসেবে আমাদের জন্য সম্মানজনক হবে না।” এ ছাড়া অর্ন্তর্বতীকালীন সরকার, সরকারের সফলতা-ব্যর্থতা নিয়েও বিভিন্ন মন্তব্য করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি। অর্ন্তর্বতীকালীন সরকার প্রসঙ্গে মেনন বলেন, এক্ষেত্রে রুপরেখা প্রণয়নের বিষয়ে বিরোধী দলকে সুনির্দিষ্ট প্রস্তাবনা দিতে হবে। দ্রব্যমূল্যসহ সামাজিক নিরাপত্তা বিধানে সরকার সফল হয়নি মন্তব্য করে তিনি বলেন, “এক্ষেত্রে সরকারের মধ্যে সংবেদনশীলতার অভাব রয়েছে। তারা সংবেদনশীলতার পরিচয় দিচ্ছে না। আমরা জনগণের ম্যান্ডেটকে কাজে লাগাতে পারিনি। ফলে মহাজোট নিষ্ক্রীয়।” ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহর সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/জেকে/১৮৪৪ ঘ.