গাজীপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ আসনের উপনির্বাচনের প্রার্থীরা প্রতীক পাওয়ার পরপরই অনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন।
শুক্রবার সকালে জেলা প্রশাসকের ভাওয়াল মিলনায়তন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ তিন প্র্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমির নৌকা প্রতীক, তার চাচা স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমেদ খান মোরগ প্রতীক ও কমিউনিস্ট পার্টির প্রার্থী অ্যাডভোকেট মো. আসাদুল্লাহ বাদল কাস্তে প্রতীক নিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রতীক বরাদ্দের পরপরই তাদের সমর্থকরা নির্বাচনী এলাকা কাপাসিয়ায় প্রচারণায় নেমে পড়েন। এই আসনে ভোট হবে আগামী ৩০ সেপ্টেম্বর।
মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে আওয়ামী লীগ নেতা তানজিম আহমেদ সোহেল তাজ পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। তার বোন সিমিন হোসেন রিমিকেই এবার মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, নির্বাচনী বিধি অনুযায়ী শুক্রবার থেকেই প্রার্থীরা প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করতে পারেন।
প্রতীক বরাদ্দে সময় প্রার্থী আফসার ও বাদল উপস্থিত থাকলেও রিমি উপস্থিত ছিলেন না। তবে তার প্রতিনিধি ছিলেন বলে জানান হাসানুজ্জামান।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর আফসার উদ্দিন সাংবাদিকদের বলেন, “১৯৮৯ সালে কাপাসিয়া উপজেলা নির্বাচনে মোরগ প্রতীক নিয়ে জয়ী হয়েছিলাম। এ উপ-নির্বাচনেও মোরগ পেয়েছি। আশা করি এবারও জয়ী হব।”
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী অ্যাডভোকেট মো. আসাদুল্লাহ বাদল বলেন, “বিগত দিনগুলোতে কাপাসিয়াবাসী বঞ্চিত হয়েছে নানাভাবে। আওয়ামী লীগের আগের সাংসদের কাছ থেকে কাপাসিয়াবাসীর আকাঙ্খা পূরণ হয়নি। আমি তাদের সুখ-দু:খের ভাগীদার হতে চাই।”
সিমিন হোসেন রিমির সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
তার নির্বাচনী কর্মকান্ডের সমন্বয়কারী অ্যাডভোকেট আমানত হোসেন খান বলেন, “ঢাকায় বিশেষ কাজ থাকায় রিমি আপা সকালে এলাকায় আসতে পারেননি। তবে কাজ সেরে বিকেলে তিনি গণসংযোগে অংশ নেবেন বলে জানিয়েছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৫৪০ ঘ.
bdnews24