২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা ভাইরা ফিরে আসুক চাই না: হাসিনা

সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলা ভাইরা আবার ফিরে আসুক তা তিনি চান না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 04:13 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলা ভাইরা আবার ফিরে আসুক তা তিনি চান না। শুক্রবার বিকালে গণভবনে মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “আমরা চাই না দেশে একসাথে পাঁচশ জায়গায় বোমা ফুটুক। আমরা চাই না সন্ত্রাস-জঙ্গিবাদ ও বাংলা ভাই আবার ফিরে আসুক।” ২০০৫ সালের ১৭ অগাস্ট ইসলামী মৌলবাদীরা দেশের ৬৩টি জেলায় প্রায় পাঁচশ’ স্থানে খুবই অল্প সময়ের ব্যবধানে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। এ ছাড়া অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের কথা তুলে ধরেন আওয়ামী লীগ সভানেত্রী। তিনি বলেন, “২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে পাকিস্তানি হানাদার বাহিনী কায়দায় নির্যাতন করেছে। কেউ প্রতিবাদ করতে পারেনি। এরকম দুঃসময় আসুক তা আর চাই না।” মহিলা আওয়ামী লীগের নেতাদের প্রতি সংগঠনকে শক্তিশালী হিসাবে গড়ে তোলার আহবান জানিয়ে আওয়ামী লীগ প্রধান বলেন, “আমাদের আমলে বিশেষ সুবিধা ভোগীর সংখ্যা নেই। এজন্য আমাদের আলোচনা-সমালোচনা আমাদের সহ্য করতে হবে। আমরা জনগণের জন্য কী করতে পেরেছি- সেটা আমাদের বোনদের দেখতে হবে। জনগণকে জানাতে হবে।” বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নারীদের অবদানের কথা স্মরণ করেন শেখ হাসিনা। এ ছাড়া নারী অধিকার নিশ্চিত করতে সরকারের তৎপরতার কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রিসভায় ছয়জন নারী সদস্য থাকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে মন্ত্রিসভায় এই সদস্য আরো বাড়াবো।” মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফের সভাপতিত্বে সভাপতিত্বে বর্ধিত সভায় কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বর্ধিত সভার শুরুতেই স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২২০৪ ঘ.