ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাংস্কৃতিক সংগঠন ‘জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দল-জাসাস’ এর যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজউল্লাহ ফয়েজের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার সকালে তার মরদেহ নয়া পল্টনের বিএনপি কার্যালয়ে আনার পর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ফুল দিয়ে এই জাসাস নেতার প্রতি শ্রদ্ধা জানান। এরপর বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
দীর্ঘদিন রোগভোগের বৃহস্পতিবার রাজধানীতে নিজের বাসায় মারা যান ফয়েজউল্লাহ। তিনি দীর্ঘদিন জাসাসের মহানগর শাখার সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
শুক্রবার তাকে আজিমপুর কবরাস্থানে দাফন করা হবে বলে সংগঠনের নেতারা জানিয়েছেন।
এর আগে সকালে বিএনপি কার্যালয়ের সামনের সড়কে মরহুমের জানাজা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, শামসুজ্জামান খান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, গাজী মাজহারুল আনোয়ার, আবদুস সালাম আজাদ, হাবিব উন নবী খান সোহেল, হাবিবুর রশীদ হাবিব, জাসাস সভাপতি এম এ মালেক, মুনির খান, নায়ক উজ্জ্বল, শায়রুল কবির খানসহ নেতা-কর্মীরা এতে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২১৫ ঘ.
bdnews24