ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর ‘দুর্নীতি’ বিষয়ে ড. কামাল হোসেনের সরব হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন শেখ হাসিনা।
মঙ্গলবার এক সমাবেশে গণফোরাম সভাপতির বক্তব্যের প্রতি বুধবার সংসদ অধিবেশনে এক সংসদ সদস্য দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রী বলেন, “অনেক নেতা আছেন, যারা বসন্তের কোকিল। কখন যে চুপ থাকেন, কখনো আবার কুহু কুহু করেন।”
আওয়ামী লীগের এক সময়ের নেতা কামাল হোসেন জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে কোকোর প্রসঙ্গে বলেন, “কেবল বাংলাদেশ নয়, জার্মানি ও আমেরিকার আদালতেও কোকোকে বিভিন্ন অপরাধে দণ্ডি করা হয়েছে। সরকারের উচিৎ, এই বিষয়টি জনসমক্ষে প্রকাশ করা।”
শেখ হাসিনা বলেন, “হটাৎ করে তিনি এই কথা বললেন কেন? এত উত্তেজিত কেন?
“তত্ত্বাবধায়ক সরকার তো দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিল। তিনি তো ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের ‘বড় উপদেষ্টা’। তারা কেন এই সব খুঁজে পায়নি? আমরা তো খুঁজে বের করছি।”
সরকার তথ্য না দিলে নিজের তা প্রকাশ করবেন বলে কামাল হোসেন জানান।
শেখ হাসিনা বলেন, “তিনি (কামাল হোসেন) নিজেই ভালোভাবে প্রচার করুক।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২১৭ ঘ.
bdnews24