ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বক্তব্য জমা দেওয়ার সময় বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
সাজেদা চৌধুরীর আইনজীবী আব্দুল বাসেদ মজুমদার সোমবার সময় বাড়ানোর আবেদন করলে বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে ১ অক্টোবর নতুন তারিখ দেয়।
সাজেদা চৌধুরীর লিখিত ব্যাখ্যা পাওয়ার পর ওইদিন শুনানি করে আদেশ দেবে ট্রাইব্যুনাল।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গত ২৭ জুলাই এক সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরীর বক্তব্যকে কেন্দ্র করে গত ৫ জুলাই ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অবমাননার এই অভিযোগ আনেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে যার বিচার চলছে।
আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃত করে দৈনিক আমার দেশে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “রাজাকাররা আইন মেনে একাত্তরে নির্যাতন করেনি। কাজেই এত আইন দেখলে হবে না। বসে বসে আইন কপচালে হবে না। আগেই দু/একটাকে ঝুলিয়ে দিলে ওদের আইন নিয়ে কপচানি বন্ধ হবে।”
বিএনপি সমর্থক দৈনিক আমার দেশের প্রতিবেদনে আরো বলা হয়, “ওরা (যুদ্ধাপরাধীরা) যখন ’৭১ সালে আমার ভাইকে হত্যা করেছিল, মেয়েদের ঘর থেকে বের করে নিয়ে গেছে, তখন কোথাও আইন ছিল না। অনেকেই প্রশ্ন তোলে, যুদ্ধাপরাধীদের বিচারে এত আইন-কানুনের কী দরকার? তারা (স্বাধীনতা বিরোধীরা) যখন অত্যাচার করেছে, তখন কোন আইন দেখে করেছিল? আইন দেখে আমরা স্বাধীনতা যুদ্ধ করিনি।”
আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম অভিযোগ উপস্থাপন করে ট্রাইব্যুনালকে বলেন, এ ধরনের মন্তব্যে অভিযুক্তদের ন্যায়বিচার পাওয়া ব্যাহত হবে।
আবেদন শুনে গত ২৭ অগাস্ট ট্রাইব্যুনাল বলে, এ বিষয়টির পূর্ণ শুনানি প্রয়োজন। সাজেদা চৌধুরীর বক্তব্য জানতে ১০ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে এই অভিযোগের বিষয়ে তার লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন বিচারক।
একই ধরনের অভিযোগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকেও ১৯ সেপ্টেম্বরের মধ্যে আইনজীবীর মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলেছে ট্রাইব্যুনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৬৪৫ ঘ.
bdnews24