২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই ‘ভূত’ হাসিনারই সৃষ্টি: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী যে ‘ভূতের’ কথা বলেছেন, তা তাদেরই সৃষ্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 08:12 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী যে ‘ভূতের’ কথা বলেছেন, তা তাদেরই সৃষ্টি। রোববার শেরেবাংলা নগরে সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী যে ভূতের কথা বলেছেন, তা তারাই সৃষ্টি করেছে। ১/১১ তে জরুরি অবস্থা জারির পর গঠিত সরকারের শপথের বিষয়ে শেখ হাসিনা বলেছিলেন, মইনুদ্দীন-ফখরুদ্দীন সরকার তাদেরই আন্দোলনের ফসল। ওই সরকারের সব অবৈধ কাজের বৈধতা বর্তমান সরকারই দিয়েছে।” শনিবার গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১/১১ তে যে ‘ভূত’ চেপে বসেছিল তা এখনও বিলীন হয়ে যায়নি। প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় ফখরুল বলেন, সরকারের ওপর ‘বাকশালী ভূত’ চেপে আছে বলেই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে তারা ভয় পাচ্ছে। বিএনপির এই মুখপাত্র বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। বাকশালী ভূতের অধীনে নির্বাচন হলে তা কোনোভাবেই নিরপেক্ষ হবে না।” প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “বুুয়েটের দুর্নীতিবাজ ভিসি সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি। তাই তাকে রেখে প্রতিষ্ঠানটিকে সরকার ধ্বংস করার চক্রান্তে লিপ্ত রয়েছে।” জাতীয়তাবাদী মহিলা দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ফখরুল সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। অন্যদের মধ্যে দলের সহসভাপতি সেলিমা রহমান, সাংসদ রেহানা আখতার রানু, কেন্দ্রীয় মহিলা নেত্রী আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, ফরিদা ইয়াসমীনসহ শতাধিক নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন। এরপর দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৪০৩ ঘ.