ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়মের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা সরিয়ে নেওয়ার ঘটনা ছাড়াও আরো টাকা ‘লুটপাটের’ ঘটনা অর্থমন্ত্রীর জানা আছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “রাষ্ট্রায়াত্ব একটি ব্যাংক থেকে ৪ হাজার কোটি টাকা লোপাটের ঘটনাকে তিনি (অর্থমন্ত্রী) তেমন কোনো টাকা নয় বলে মন্তব্য করেছেন। এর অর্থ দাঁড়ায় অর্থমন্ত্রীর কাছে এর থেকে বেশি লোপাটের ঘটনা জানা আছে।”
“কেবল তাই নয়, হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনার পর বাংলাদেশ ব্যাংক যখন সোনালী ব্যাংকের পরিচালনা পর্যদ ভেঙে দেয়ার সুপারিশের কথা অর্থ মন্ত্রণালয়কে জানালো, তখন অর্থমন্ত্রী অগ্নিমূর্তি ধারণ করেন। এ থেকে বোঝা যায়, দেশে অর্থনৈতিক ক্ষেত্রে চরম নৈরাজ্য বিরাজ করছে”, বলেন আনোয়ার।
স¤প্রতি বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষায় সোনালী ব্যাংক থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা সরিয়ে ফেলার তথ্য বেরিয়ে আসে। এর মধ্যে হলমার্ক গ্রুপ একাই তুলে নেয় দুই হাজার ৬০০ কোটি টাকার বেশি।
অর্থনৈতিক ক্ষেত্রে চরম নৈরাজ্য চলছে মন্তব্য করে সাবেক অর্থ সচিব আনোয়ার বলেন, “দুর্নীতি করলে কেউ কিছু করবে না, পদোন্নতি হবে- এরকম একটি আবহাওয়া সরকার সৃষ্টি করেছে।”
সাংবিধানিক অধিকার ফোরামের উদ্যোগে ‘দেশে বর্তমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি নিরসনের জন্য নিরপেক্ষ সরকারের বিকল্প নেই’ শীর্ষক এই আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সদস্য সচিব সাবেক ছাত্র নেতা সুরঞ্জন ঘোষ।
পদ্মা সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে মন্তব্য করে এম কে আনোয়ার বলেন, “আসলে বর্তমান সরকার চায় না দেশে পদ্মাসেতু হোক। তারা কীভাবে লুটপাট করা যাবে, সেই ধান্ধায় আছে।”
ডেসটিনি গ্রুপের অর্থ কেলেঙ্কারির অভিযোগ তুলে ধরে এম কে আনোয়ার বলেন, “ওই কোম্পানির চেয়ারম্যান হারুন অর রশীদ ক্ষমতাসীন দলের লোক। এতো অর্থ লুটের পরও সরকারের কোনো সংস্থা কিংবা দুর্নীতি দমন কমিশন কেউ তাকে জিজ্ঞাসাবাদ করছে না।”
সাংবিধানিক অধিকার ফোরামের প্রধান উপদেষ্টা সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন বেঙ্গল বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৪১০ ঘ.
bdnews24