২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিক্ষাঙ্গনের পরিবেশ বিনষ্টের চক্রান্ত করছে সরকার’

সরকার শিক্ষাঙ্গনের পরিবেশ বিনষ্টের ‘চক্রান্তে’ লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 01:33 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার শিক্ষাঙ্গনের পরিবেশ বিনষ্টের ‘চক্রান্তে’ লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। শনিবার বিকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী বই মেলার উদ্বোধনকালে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। তিনি বুয়েটে চলমান বিশৃঙ্খলার প্রসঙ্গ টেনে বলেন, “সরকার নিজেদের লোকদের উপাচার্য, উপ-উপাচার্য পদে রাখতে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানকে অচল করে রেখেছে। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা নিয়েও চলছে এক তুঘলকি কা-। “এতোবছরেও মেডিকেলে ভর্তি পরীক্ষার একটি সুনির্দিষ্ট ব্যবস্থা প্রবর্তন করতে পারেনি সরকার। এ থেকে বোঝা যায়, তারা চায় না ভালো শিক্ষার্থীরা ভর্তি হোক।” টানা ৪৪ দিন বন্ধ শেষে খোলার পর শিক্ষকদের ক্লাস বর্জনে অচল বুয়েটে এবার শিক্ষার্থীরা আন্দোলনে নেমে উপাচার্যের বাড়ি ঘেরাও করেছে। উপাচার্য ও উপউপাচার্যের অপসারণ দাবিতে শনিবার ক্যাম্পাসে মানবন্ধন ও বিক্ষোভ মিছিলের পর দুপুর ১টার দিকে উপাচার্যের বাড়ির সামনে অবস্থান নেয় কয়েক হাজার শিক্ষার্থী। গত ২৫ অগাস্ট বুয়েট খুললেও শিক্ষকরা ক্লাসে না যাওয়ায় শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে। এতে চলতি বছর প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমও অনিশ্চয়তায় পড়েছে। শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের ‘স্বার্থে’ উপাচার্য ও উপউপাচার্যকে সরে যাওয়ার আহ্বান জানালে তারা দুজনেই এতে অপরাগতা জানান। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার উদ্যোগে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে তিনদিনের এই বইমেলা শুরু হয়েছে। নেতা-কর্মীদের বই পড়ার আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, যে জাতি যত বেশি জ্ঞান চর্চা করছে, সে জাতি তত বেশি উন্নত হয়েছে। বিএনপির নেতা-কর্মী-সমর্থকরা যদি বেশি করে জ্ঞান চর্চা করতে পারে, তাহলে আমাদের সামনে অন্য কোনো রাজনৈতিক দল টিকতে পারবে না। এ প্রসঙ্গে তিনি হিজবুল বাহার জাহাজে কৃতি শিক্ষার্থীদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নৌবিহারের কথা উল্লেখ করেন তিনি। ভারপ্রাপ্ত মহাসচিব এমনও দাবি করেন, “যারা ওই সময় হিজবুল বাহারে নৌবিহারে যাওয়ার সুযোগ পেয়েছে, আজ তারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে তারা অবস্থান করছেন। অনেকের সঙ্গে আমার টেলিফোনে কথা হয়।’’ বই মেলায় জিয়া স্মৃতি পাঠাগারের সদস্য ফরমও পূরণ করেন মির্জা ফখরুলসহ দলীয় নেতৃবৃন্দ। দলের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় অস্থায়ীভাবে এই পাঠাগার চালু করা হয়েছে। যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদল দক্ষিণের আহ্বায়ক ইসহাক শিকদার, জিয়া স্মৃতি পাঠাগারের সদস্য সচিব জহির দীপ্তি বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯২৩ ঘ.