২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালদীঘি ময়দানে সমাবেশ করবেন মহিউদ্দিন

চট্টগ্রাম বন্দর রক্ষায় ৮ সেপ্টেম্বর নগরীর লালদীঘির ময়দানে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর রক্ষায় ৮ সেপ্টেম্বর নগরীর লালদীঘির ময়দানে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। সমাবেশ থেকে বন্দর রক্ষার আন্দোলনের কর্মসূচিও দেওয়া হবে বলে জানান তিনি। শনিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ‘বন্দর রক্ষা পরিষদ’ আয়োজিত গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র মহিউদ্দিন এ ঘোষণা দেন। আন্দোলন হলেও বন্দর সচল থাকবে জানিয়ে তিনি বলেন, “কোন হরতাল-ধর্মঘটও হবে না। মাফিয়াদের কবল থেকে একে রক্ষায় বন্দর চালু রেখেই আন্দোলন চলবে।” সাইফ পাওয়ারটেক লি. নামে একটি প্রতিষ্ঠানকে নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) কন্টেইনার হ্যান্ডলিং প্রক্রিয়ার কাজ পাইয়ে দিতে দরপত্রের ১২টি শর্ত লঙ্ঘন করা হয়েছে- এমন অভিযোগ এনে গত ২৮ অগাস্ট থেকে বন্দর রক্ষার আন্দোলনের ডাক দেন মহিউদ্দিন চৌধুরী। এরই ধারাবাহিকতায় শনিবার বন্দর রক্ষা পরিষদের ব্যানারে এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে চট্টগ্রাম বন্দরের সাবেক কর্মকর্তা-কর্মচারী, বন্দরের বার্থ অপারেটর, পোর্ট ইউজার্স, বিজিএমইএ, বিকিএমইএ, সিঅ্যান্ডএফ এজেন্টস, শ্রমিক, কর্মচারী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মহিউদ্দিন চৌধুরীর এ আন্দোলনের প্রকাশ্যে বিরোধিতা ও সমালোচনা করে আসছেন চট্টগ্রামের বন্দর (চট্টগ্রাম-১০) থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সাংসদ এম এ লতিফ। শুক্রবার পোর্ট ইউজার্স ফোরামের সভায় বন্দর নিয়ে আন্দোলন প্রসঙ্গে মহিউদ্দিনের প্রকাশ্য সমালোচনা করেন তিনি। এ নিয়ে শনিবারের বৈঠকে এম লতিফকে অবাঞ্চিত ঘোষণা করার দাবি জানান ছাত্রলীগ-যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা। বন্দর রক্ষা পরিষদ আয়োজিত গোলটেবিল বৈঠকে বন্দর সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া সুপারিশ তৈরি করে আগামী সাতদিনের মধ্যে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবরে পাঠানো হবে বলে জানান মহিউদ্দিন চৌধুরী। বৈঠক থেকে দরপত্র প্রক্রিয়া স্থগিত করে ওই সময়ে বন্দরের নিজস্ব প্রক্রিয়ায় কন্টেইনার হ্যান্ডলিং করার দাবিও জানান তিনি। মহিউদ্দিন কারো প্রতি ইঙ্গিত না করে বলেন, “মাফিয়াদের পক্ষ নিয়ে কোন অবস্থায় বন্দর ধ্বংস করার জন্য এগিয়ে আসবেন না। যারা চেষ্টা করবে প্রয়োজনে তাদের অবাঞ্চিত করা হবে।” চট্টগ্রাম বন্দরের সাবেক সদস্য (প্রকৌশল) ড. সাফায়াত আহমেদ খান অভিযোগ করেন, “কোন কোন ক্ষেত্রে দরপত্র ডাকার পর তার সংশোধনী আনা যায়। কিন্তু এনসিটি’র ক্ষেত্রে যা হচ্ছে সেটা যেন একটি সুনির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার জন্য।” বন্দরের অপর সাবেক সদস্য (অর্থ) মোশাররফ হোসেন বলেন, “সরকারকে ডোবানোর জন্য একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। তারা বন্দরকে ধ্বংস করছে।” বৈঠকে অন্যদের মধ্যে বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু, ডক শ্রমিক পরিচালনা বোর্ডের প্রাক্তন ভাইস চেয়ারম্যান ইমাম বক্স, মাস্টার্স স্টিভিডোরস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, বিজিএমইএ পরিচালক সাজেদুল ইসলাম, বিকিএমইএ’র শ্রকত ওসমান, বন্দর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক জহুর আহম্মদ, বন্দর কর্মচারী পরিষদ সিবিএ’র সভাপতি মমতাজ উদ্দিন, সহ-সভাপতি শরীয়ত উল্লাহ, ডক বন্দর শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান প্রমুখ বক্তব্য দেন। এর বাইরে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, ন্যাপ, বাংলাদেশের সাম্যবাদী দল, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৮২৭ ঘ.