২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 03:39 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার। এ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে দুই দিনের কর্মসূচি শুক্রবার আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বিকালে এই আলোচনা সভা হয়। ১৯৭৫ সালের ১৫ অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সামরিক শাসক জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রথম চেয়ারম্যান। এর আগে ওই বছরের ফেব্রুয়ারি মাসে জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি ডানপন্থী দল গঠিত হয়। পরে তা বিএনপিতে বিলুপ্ত হয়। দল গঠনের আগেই জাতীয়তাবাদী ফ্রন্টের ব্যানারে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। শনিবার প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানে থাকছে- সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়ার কবরে পুষ্পার্ঘ অর্পণ। দলের চেয়ারপারসন খালেদা জিয়া নেতা-কর্মীদের নিয়ে জিয়া কবরে ফুল দেবেন। এরপর কবর প্রাঙ্গনে দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেবেন খালেদা জিয়া। বিকাল তিনটায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার উদ্যোগে মহানগর বিএনপির তিনদিন ব্যাপী বই মেলার উদ্বোধন হবে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মেলা উদ্বোধন করবেন। ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে ওই সময় দেশে এক রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হয়েছিলো। তখন দেশকে সামনের দিকে এগিয়ে নিতে মানুষের আকাঙ্খার অংশ হিসেবে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি আমরা।” এ উপলক্ষে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও মহানগর কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। প্রকাশ করা হয় বিশেষ ক্রোড়পত্র ও পোস্টার। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতা-কর্মীসহ দেশবাসীকে অভিনন্দন জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৩৪ ঘ.