ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারানো লিমন হোসেনের পরিবারের বিরুদ্ধে নতুন মামলাটি হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক।
একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, র্যাবকে বর্তমান সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।
লিমনকে হয়রানির প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে ফারুক বলেন, “লিমনকে কীভাবে গুলি করা হয়েছিল, তার চিত্র সারাবিশ্বে আজ ছড়িয়ে পড়েছে। এখন তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে আবার হয়রানি করা হচ্ছে।”
“আমরা সরকারের প্রতি আহ্বান জানাব, লিমনকে সহযোগিতা করুন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিন,” বলেন তিনি।
গত বছর র্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারানো ঝালকাঠীর লিমনের পরিবারের বিরুদ্ধে সম্প্রতি একটি হত্যামামলা করেছে ওই এলাকায় র্যাবের সোর্স হিসেবে পরিচিত ইব্রাহিম হাওলাদার।
লিমনের মা হেনোয়ারা বেগম ঘটনার পর র্যাবের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে র্যাবের বিরুদ্ধে একটি মামলা করলেও তাতে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। এর বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন দিয়েছেন লিমনের মা।
সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ ফারুক বলেন, “আদালতের প্রতি আবেদন থাকবে, লিমনের মায়ের ‘না রাজি’ আবেদন গ্রহণ করে দোষী র্যাব সদস্যদের শাস্তি দিন।”
লিমনের ঘটনায় ব্যাপকভাবে সমালোচিত র্যাবের যাত্রা শুরু হয়েছিল বিএনপি-জামায়াত জোট সরকার আমলে। শুরু থেকে বিচার বিভাগীয় হত্যাকাণ্ড নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে রয়েছে র্যাব।
বিএনপির প্রচার সম্পাদক ফারুক বলেন, “চারদলীয় জোট সরকার সন্ত্রাস দমনের লক্ষ্যে র্যাব গঠন করেছিল। আজ সেই বাহিনীকে সরকার রাজনৈতিকভাবে ব্যবহার করছে। এতে এই বাহিনীর নিরপেক্ষ ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে।”
দেশের আইনশৃঙ্খলার অবনতির চিত্র তুলে ধরতে গিয়ে এম ইলিয়াস আলী, চৌধুরী আলম ‘গুমের’ ঘটনা তুলে ধরে ফারুক বলেন, “বর্তমান সরকারের আমলে দুই শতাধিক মানুষ গুম হয়েছে। সর্বত্র লাশ আর লাশ।”
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে লিমনের পক্ষে এই মানববন্ধনে সংগঠনের সভাপতি শ্যামা ওবায়েদ ছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা ইসমাইল হোসেন বেঙ্গল, খালেদা ইয়াসমীন, যুবদল নেতা রফিকুল ইসলাম মজনু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৫৫ ঘ.
bdnews24