২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচন হবে না’

“জনগণকে সম্পৃক্ত করার জন্য আমরা যে কর্মসূচি দিয়েছি, কখন তা গণঅভ্যুত্থানে পরিণত হবে, কেউ বলতে পারে না,” সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 07:51 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় ঘোষিত আন্দোলন কর্মসূচি নিয়ে সরকারি দলের নেতাদের বক্তব্যের জবাবে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শান্তিপূর্ণ এই কর্মসূচিই গণঅভ্যুত্থান সৃষ্টি করতে পারে। আর দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য শুক্রবার এক আলোচনা সভায় বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে নরম ভাবলে ভুল হবে। জনগণকে সম্পৃক্ত করার জন্য আমরা যে কর্মসূচি দিয়েছি, কখন তা গণঅভ্যুত্থানে পরিণত হবে, কেউ বলতে পারে না।” নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে ঈদের পর কঠোর আন্দোলনের ঘোষণা থাকলেও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট দুই মাসজুড়ে গণসংযোগের কর্মসূচি দিয়েছে। আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফ সম্প্রতি মন্তব্য করেন, আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে পিছু হটছে বিরোধী দল। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনা হবে না বলে সরকারি দলের নেতাদের বক্তব্যের জবাবে মোশাররফ বলেন, “আগামী নির্বাচন দিয়ে সরকার ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।” “নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। তা না হলে আমাদের আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প থাকবে না,” সরকারকে হুঁশিয়ার করে বলেন তিনি। জাতীয় প্রেসক্লাবে ‘স্বদেশ জাগরণ পরিষদ’র উদ্যোগে ‘জাতীয় নির্বাচন নিয়ে সরকারের প্রস্তাবনা ও বাস্তবতা ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মোশাররফ। নির্বাচন নিয়ে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে দাবি করে বিএনপি নেতা বলেন, “এই ব্যর্থ সরকার গৃহপালিত বিরোধী দল বানিয়ে আবার ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। আমরা দেশে কোনো সংঘাত ও বিশৃঙ্খলা চাই না। সরকারকে বলব, এইরকম পরিস্থিতিতে কারো লাভ হবে না।” সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নিলে নির্দলীয় সরকারের গঠন কাঠামো ও রূপরেখা নিয়ে বিএনপি রাজি বলে জানান দলের অন্যতম এই নীতি-নির্ধারক। টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে সাবেক মন্ত্রী মোশাররফ বলেন, “ওই প্রতিবেদনে বিএনপি আগামীতে ক্ষমতায় এলে জঙ্গিবাদের উত্থানের যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয়। “চারদলীয় জোট সরকার যখন ক্ষমতায় ছিল, তখন বাংলাভাই, শায়খ আবদুর রহমানসহ সব উগ্র জঙ্গিবাদীকে গ্রেপ্তার করে বিচার করেছে। আগামীতে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে জঙ্গিবাদ দমন করবেনই।” ‘স্বদেশ জাগরণ পরিষদ’র সভাপতি কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, আ ন ম এহছানুল হক মিলন, হেলেন জেরিন খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নাগরিক সংসদের সভাপতি খালেদা ইয়াসমীন, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া আনোয়ার হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৪৫ ঘ.