২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন ছেড়ে নির্বাচনের প্রস্তুতি নিন: কামরুল

“তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে কোনো লাভ নেই। অযথা আন্দোলন করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না,” বলেছেন আইন প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 07:20 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলন ছেড়ে নির্বাচনের প্রস্তুতি নিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আন্দোলন কর্মসূচি ঘোষণার প্রতিক্রিয়ায় শুক্রবার এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। হরতাল-অবরোধ না করে গণসংযোগের কর্মসূচি দেওয়ায় বিরোধী দলকে ধন্যবাদও জানান আওয়ামী লীগের এই নেতা। কামরুল বিরোধী দলের উদ্দেশে বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে কোনো লাভ নেই। অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন হবে। অযথা আন্দোলন করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না।” “নির্বাচনের জন্য নিজেরা প্রস্তুতি নিন, দলকে প্রস্তুত করেন,” বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলেন তিনি। যুদ্ধাপরাধী ও ২১ অগাস্টের গ্রেনেড হামলার বিচার হবেই- ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রতিহিংসা চরিতার্থ করতে নয়, সঠিক তদন্ত ও তথ্য-প্রমাণের ভিত্তিতেই এই বিচার করা হবে। যুদ্ধাপরাধের অভিযোগ আটক গোলাম আযমসহ শীর্ষ ৫-৭ জনের বিচার এই বছরের মধ্যেই শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। গণগ্রন্থাগারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কামরুল। বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরেয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে এই আলোচনা সভা হয়। প্রতিমন্ত্রী বলেন, পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে সরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা না গেলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির অস্তিত্ব বিপন্ন হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। কামরুল বলেন, “মুক্তিযুদ্ধের সময় জিয়ার একটি রূপ দেখা গেলেও ’৭৫-এ তার প্রকৃত রূপ দেখা গেছে। জিয়াই রাজনীতিতে বঙ্গবন্ধুর খুনিদের প্রতিষ্ঠিত করেছেন।” বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম-আহ্বায়ক ফাতেমা জামান সাথীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সংসদ সদস্য তারানা হালিম বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৩১৭ ঘ.