ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ভারতের সঙ্গে সুসর্ম্পক গড়ে তোলার আগ্রহ পুনর্ব্যক্ত করে বলেছেন, তার বিশ্বাস প্রতিবেশী এই দেশটির সঙ্গে বিদ্যমান অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান হবে।
বৃহস্পতিবার বিকালে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, “আমরা ভারতের সঙ্গে সুসর্ম্পক গড়ে তুলতে চাই। আশা করি, ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন দেবে। কোনো ব্যক্তি বা দল নয়, জনগণের সঙ্গে তারা সর্ম্পক বজায় রাখবে।”
একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের ভূমিকার কথা স্মরণ করে সাবেক এই প্রধানমন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধে ভারত সহযোগিতা করেছিলো। তাই আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চাই।
আগামীতে ক্ষমতায় গেলে তিনি ভারতসহ সব দেশের সঙ্গে সুসম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেবেন বলেও জানান বিএনপি চেয়ারপারসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১২৩ ঘ.
bdnews24