ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রামপুরায় জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রামপুরা থানার ওসি দেলোয়ার হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৫টার দিকে আকস্মিকভাবে রামপুরা আবুল হোটেলের কাছে প্রায় দেড়-দুইশ জামায়াত শিবির কর্মী একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে।
এ সময় হোটেল সংলগ্ন মোড়ে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
তাদের ইটের আঘাতে রামপুরা থানার উপপরিদর্শক ইব্রাহিম এবং কনস্টেবল মতিউর রহমান আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে পুলিশ লাটিপেটা করে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনাস্থল থেকে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওসি দেলোয়ার হোসেন খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/১৯৫৬ ঘ.
bdnews24