২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে সরকার’

মহাজোট সরকার দলীয় সরকারের অধীনে ‘পাতানো নির্বাচনের ষড়যন্ত্র’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকার দলীয় সরকারের অধীনে ‘পাতানো নির্বাচনের ষড়যন্ত্র’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। বুধবার বিকালে এক আলোচনা সভায় তিনি কথিত এই ষড়যন্ত্র প্রতিহত করারও হুমকি দেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেন, “নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হবে। তাই তারা গৃহপালিত দল নিয়ে পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে। “অতীতে এরশাদ সরকার এরকম নির্বাচন করে সফল হয়নি। ভবিষ্যতেও কাউকে সফল হতে দেওয়া হবে না।’’ রাজধানীর বিজয় নগরে হোটেল একাত্তরে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে তার ১৩তম মৃত্যবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির নেতৃত্বে গঠিত লিয়াজোঁ কমিটির আহবায়ক ছিলেন সালাম তালুকদার। ১৯৯৯ সালের ২০ অগাস্ট ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার মারা যান। ১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দলের মহাসচিবের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৬ সালের সংসদ নির্বাচনের পর তাকে সরিয়ে আবদুল মান্নান ভুঁইয়াকে দলের মহাসচিব নিয়োগ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রতি ইঙ্গিত করে খন্দকার মোশাররফ দাবি করেন, সরকার এরশাদকে দিয়ে একটি ‘গৃহপালিত’ বিরোধী দল বানাতে চায়। “নব্বইয়ে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দেশের জনগণ যেভাবে আন্দোলন করেছে, আগামীতে তারা নব্য স্বৈরাচার শেখ হাসিনার সরকারকে বিদায় করতে ঐক্যবদ্ধ আন্দোলনে নামবে।’’ স্বৈরাচার বিরোধী আন্দোলনে সালাম তালুকদারের ভূমিকার কথা স্মরণ করে বর্তমান পরিস্থিতিতে সালাম তালুকদারের মতো দৃঢ়তা নিয়ে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামারও আহ্বান জানান মোশাররফ। সংগঠনের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাজিম উদ্দিন আলম, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নিলোফার চৌধুরী মনি, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাত, সুলতান মাহমুদ বাবু, জামালপুর জেলা সাধারণ সম্পাদক ওয়ারেসুল মামুন, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, মরহুম সালাম তালুকদারের জামাতা এম হাসান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আলতাফ হোসেন চৌধুরী, আমিনুল হক, গৌতম চক্রবর্তী, আনোয়ার চৌধুরী, আকমল ইবনে ইউসুফ, সালাম তালুকদারের মেয়ে সালেমা বেগম অরণীসহ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্মৃতি সংসদের সদস্য শামসুজ্জামান মেহেদী ও সুজাত আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/্এইচএ/১৯২০ ঘ.