ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি ও সামরিক শাসক এইচ এম এরশাদের বিরুদ্ধে রাডার দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষী দিয়েছেন অবসরপ্রাপ্ত এয়ার কমোডর মো. সিদ্দিকুল আলম।
বুধবার দুপুরে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে এরশাদসহ চারজনের বিরুদ্ধে ২০ বছর আগে দায়ের করা এ মামলায় সিদ্দিকুল আলম সাক্ষ্য দেন।
বিচারক মো. বিচারক মো. নুরুল ইসলাম আগামী ২১ নভেম্বর মামলার পরবর্তী দিন নির্ধারণ করেছেন।
সংশ্লিষ্ট আদালতের পেশকার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মো. সিদ্দিকুলকে নিয়ে এ মামলায় এখন পর্যন্ত তিন জনের সাক্ষ্য নেওয়া হলো।
অবসরপ্রাপ্ত এয়ার কমোডর মো. সিদ্দিকুল আলম জবানবন্দিতে আদালতকে বলেন, “রাডার ক্রয় সংক্রান্ত কমিটিতে আমি ছিলাম। আমেরিকা ও যুক্তরাজ্যের বিভিন্ন রাডার কোম্পানি পরিদর্শন করে রাডারের দাম যাচাই-বাছাই করে ক্রয় সংক্রান্ত কমিটির কাছে একটি রিপোর্ট জমা দেওয়া হয়।”
“তবে রিপোর্টের সুপারিশ অগ্রাহ্য করে এরশাদ আসামিদের সঙ্গে যোগসাজস করে আমেরিকার থমসন কোম্পানি থেকে রাডার ক্রয় করে”, যোগ করেন সিদ্দিকুল।
১৯৯০ সালে এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর ১৯৯২ সালের ৪ এপ্রিল ক্যান্টমেন্ট থানায় বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো এ মামলা করে। এরশাদ বাদে অন্য আসামিরা হলেন- বিমান বাহিনীর সাবেক দুই প্রধান সুলতান মাহমুদ, মমতাজ উদ্দিন আহম্মেদ ও ইউনাইটেড ট্রেডার্সের এ কে এম মুসা ।
মামলায় বলা হয়, এরশাদ রাষ্ট্রপতি থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে অপর অভিযুক্তদের যোগসাজশে ফ্রান্স থেকে না কিনে অপেক্ষাকৃত বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে রাডার কেনেন। এতে রাষ্ট্রের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯শ ১৮ টাকার ক্ষতি হয়। এর মাধ্যমে অভিযুক্তরা সবাই মিলে সরকারি টাকা আত্মসাৎও করেন।
১৯৯৪ সালের ২৭ নভেম্বর মামলাটিতে অভিযোগপত্র দাখিল করা হয়। ৯৫ সালের ১২ অগাস্ট মামলাটিতে এরশাদসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৮৪২ ঘ.
bdnews24