২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টা মসিউরকে পদত্যাগের আহ্বান এরশাদের

পদ্মা সেতু নির্মাণের স্বার্থে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানকে পদত্যাগের আহবান জানিয়েছেন মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 01:48 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পদ্মা সেতু নির্মাণের স্বার্থে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানকে পদত্যাগের আহবান জানিয়েছেন মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার বারিধারার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ এ আহ্বান জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পর বিশ্ব ব্যাংক প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের বিরুদ্ধেও অভিযোগ উত্থাপন করেছে। “এ অবস্থায়, দেশ ও জাতির স্বার্থে মসিউর রহমানেরও পদত্যাগ করা উচিত হবে।” দুর্নীতির ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ পাওয়ার দাবি করে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে গত জুনে অর্থায়ন বাতিল করে। অর্থায়ন বাতিলের পর এই প্রকল্প নিয়ে অভিযোগের মুখে থাকা মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসাইনও ছুটিতে যান। সাবেক এই রাষ্ট্রপতি পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমানকে একজন ‘গুণী’ মানুষ আখ্যায়িত করে বলেন, দেশের স্বার্থে তিনিও (মসিউর) পদত্যাগ করলে তা অসম্মানের হবে না। “আমি উপদেষ্টা মসিউর রহমানের প্রতি আহ্বান জানাই- আপনি কোনো দ্বিধা-দ্বন্দ্ব না করে পদ্মা সেতুর স্বার্থে অবিলম্বে পদত্যাগ করুন। জনগণ আপনার ত্যাগের কথাও স্মরণ করবে।” এ প্রসঙ্গে তিনি সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের পসঙ্গ টেনে বলেন, পদ্মা সেতুর স্বার্থে তিনি বিশ্বব্যাংকের শর্ত অনুযায়ী পদত্যাগ করে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতি তার কথা স্মরণ করবে। এরশাদ দেশের সব রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বিশ্ব ব্যাংকের কাছে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের বিষয়টি পুনর্বিবেচনার জন্য সম্মিলিতভাবে আবেদন করারও আহ্বান জানান। এই ‘জাতীয় দাবি’ বিশ্ব ব্যাংক উপেক্ষা করতে পারবে না বলে বিশ্বাস করেন তিনি। এরশাদ বলেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ঋণ প্রাপ্তির বিষয়টি এখনো ‘অন্ধকারাচ্ছন্ন’ থাকায় দেশবাসীর সঙ্গে তিনিও গভীরভাবে উদ্বিগ্নœ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এইচএ/১৯৪৫ ঘ.