ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার কোনো ইচ্ছা আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “অনেকের বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার খায়েশ আছে। আমাদের জন্য বাঁকা পথ নয়, আমাদের পথ গণতন্ত্রের পথ। জনগণ চাইলে আমরা আছি। জনগণ না চাইলে নাই।”
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ফজিলাতুন নেসা স্মরণে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ।
বক্তব্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময়ে জাতীয় সংসদের উপ-নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের নির্বাচনসহ প্রায় পাঁচ হাজার দু’শটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “একটা নির্বাচন নিয়েও কেউ টু শব্দটি পর্যন্ত করতে পারেনি। আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। জনগণ যা চাইবে, তাই হবে।”
বঙ্গবন্ধুর রাজনীতির জীবন থেকে আওয়ামী লীগ থেকে শুরু করে ছাত্রলীগের সদস্যদের শিক্ষা নেওয়ার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, “বঙ্গবন্ধু একটা লক্ষ্য নিয়ে রাজনীতি করেছিলেন। তিনি সংগঠনের জন্য মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন। তিনি জানতেন সংগঠন শক্তিশালী না হলে জনগণের আস্থা ও বিশ্বাস পাওয়া যাবে না।”
ছাত্রলীগ সদস্যদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভানেত্রী লেখাপড়ার দিকে মনযোগী হওয়ার নির্দেশ দেন।
মা ফজিলাতুন নেসার স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, “শত কষ্টেও আমার মাকে ভেঙে পড়তে দেখিনি। তিনি দিশেহারা হয়ে পড়েন নাই। আমার বাবার পাশে মা’র মতো উপযুক্ত সহধর্মিনী না থাকলে, বাংলাদেশ স্বাধীন হতো কিনা- আমি জানি না।”
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল হক, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফায়েকুজ্জামান।
অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৯১৬ ঘ.
bdnews24