ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্তর্র্বতীকালীন সরকারের রূপরেখা দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্দলীয় সরকারের প্রধান উপদেষ্টা মনোনয়ন নিয়ে আলোচনা করতে সরকারকে পাল্টা প্রস্তাব দিয়েছেন।
তিনি মঙ্গলবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, “ত্রয়োদশ সংশোধনীর আলোকে নির্দলীয় সরকার হতে হবে। এটাই আমাদের মূল দাবি। এক্ষেত্রে আদালতের রায়ের আলোকে প্রধান উপদেষ্টা বিষয়ে কোনো আলোচনা করতে হলে তাতে আমাদের কোনো আপত্তি নেই।”
নির্দলীয় সরকার পদ্ধতি পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আন্দোলন কর্মসূচি ঘোষণা করে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
বর্তমান সরকার দেশ পরিচালনায় চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে দাবি করে ফখরুল বলেন, “সরকারের একগুয়েমি, অযোগ্যতা ও সর্বগ্রাসী দুর্নীতির কারণে দেশের রাজনীতি বিপজ্জনক অবস্থায় মোড় নিয়েছে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। সরকার সুপরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্যে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানগুলোকে পারস্পরিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।”
“এই অবস্থা থেকে দেশকে রক্ষার লক্ষ্যে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সরকারের পরিবর্তন আনতে হবে,” বলেন তিনি।
সরকারের ‘দুর্নীতির’ সমালোচনা করে ফখরুল বলেন, “পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কারণে বিশ্ব ব্যাংক তা বাতিল করেছে। সোনালী ব্যাংক থেকে হলমার্ক নামের একটি অখ্যাত কোম্পানির মাধ্যমে ক্ষমতাসীনরা সাড়ে ৩ হাজার কোটি টাকা লুট করেছে। আওয়ামী লীগের নেতা-নেত্রীরাই সোনালী ব্যাংকের পর্যদের সদস্য।”
সোনালী ব্যাংকের পরিচালকদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগ নেতা সুভাষ সিংহ রায়, সাইমুম সরওয়ার, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন, মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাত আরা।
ডেসটিনি গ্রুপের মাধ্যমেও ক্ষমতাসীন দলের লোকজন সাড়ে চার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেন বিএনপি মুখপাত্র। পুঁজিবাজারেও ক্ষমতাসীনরা হাজার হাজার কোটি টাকা ‘লুট’ করেছে বলে দাবি করেন তিনি।
ফখরুল আরো বলেন, “সরকার বিচার বিভাগ ও সংসদকে আজ মুখোমুখি দাঁড় করিয়েছে। গতকাল হাই কোর্টের একটি রায়ে এই সঙ্কট আরো ঘনীভূত হয়েছে। স্পিকার নিরাপদ অবস্থানে থাকলেও ক্ষমতাসীন সরকারের মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের বক্তব্য আক্রমণাত্মক।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৪১ ঘ.
bdnews24