ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলায় বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের আমির ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক ড. আসাদুল্লাহ আল গালিবের জামিন আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ হয়েছে।
মঙ্গলবার বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি ভবানী প্রাসাদ সিংহের বেঞ্চে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
আদালতে সরকারপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল। গালিবের পক্ষে ছিলেন শাহ মঞ্জুরুল হক এবং দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
গত ১৪ অগাস্ট দুদক রাজশাহীর মতিহার থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, ড. গালিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ১৯৯৩ সালে তাহেদী ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠানের আমির পদে নিয়োজিত থেকে বিভিন্ন বিদেশি দাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যক্তিগতভাবে লক্ষ লক্ষ টাকা নিয়ে এসে ১৯৯৮ সাল থেকে ২০০২ বিভিন্ন নির্মাণ কাজে চুক্তি করেন এবং বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারী হয়ে বেআইনি ব্যবসায় লিপ্ত হয়েছেন, যা দণ্ডবিধির ১৩৮ ধারায় এবং ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইনের ৫/২ ধারায় অপরাধ।
২০০৫ সালের ২২ ফেব্রুয়ারি নগরীর নওদাপাড়ার বাসা থেকে জঙ্গি তৎপরতার অভিযোগে গালিব ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে ২০০৮ সালের ২৮ আগস্ট বগুড়া কারাগার থেকে মুক্তি পান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/১৬১৫ ঘ.
bdnews24