২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়নপত্র কিনেছেন আফসারও

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে উপনির্বাচনে প্রার্থী হতে সাতজন নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র কিনেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 05:11 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

গাজীপুর, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে উপনির্বাচনে প্রার্থী হতে সাতজন নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র কিনেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমির পাশাপাশি তার চাচা আফসারউদ্দিন আহমদ খানের পক্ষেও মনোনয়নপত্র কেনা হয়েছে। আফসার ওই আসনের সাবেক সংসদ সদস্য। রিমির ভাই তানজিম আহমদ সোহেল তাজের পদত্যাগের কারণে শূন্য এই আসনে আগামী ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ হবে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এই নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। মহাজোট শরিক জাতীয় পার্টিও সোমবার জানিয়েছে, তারা এই নির্বাচনে থাকছে না। নির্বাচনের সহকারী রিটার্র্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার সিমিন হোসেন রিমি এবং আফসারউদ্দিন আহমদ খানসহ সাতজন মনোনয়নপত্র ও ভোটার তালিকা নিয়েছেন। দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ভাই আফসারউদ্দিন ১৯৯৬ সালে এই আসনে সংসদ সদস্য ছিলেন, প্রতিমন্ত্রীও হয়েছিলেন তিনি। ২০০১ ও ২০০৮ সালে নির্বাচিত হন তাজউদ্দিনের ছেলে তানজিম। তানজিমের পদত্যাগের পর তার বড় বোনকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুপুরের পর রিমির পক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দীপক মজুমদার খোকন এবং আফসার উদ্দিনের পক্ষে কুতুবুল আলম মনোনয়নপত্র কেনেন। এছাড়া কেন্দ্রীয় কৃষক লীগের নেতা আব্দুর রশিদ সরকার, মালয়শিয়া আওয়ামী লীগের সভাপতি এ কে এম আলমগীর হোসেন আকন্দ, সিপিবির জেলা সাধারণ সম্পাদক আসাদুল্লাহ বাদল, মীর এনায়েত হোসেন, রাফিউল বারীর পক্ষে মনোনয়নপত্র কেনা হয়েছে। এদিকে তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থীদের পোস্টার, লিফলেট, বিলবোর্ড, ব্যানারসহ সব ধরনের প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দিলেও কেউ তা পালন করেননি। তবে পুলিশের উদ্যোগে সোমবার সারাদিনই উপজেলার প্রধান প্রধান সড়ক ও স্থান থেকে প্রচার সামগ্রী অপসারণের কাজ করতে দেখা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩০৭ ঘ.