কুমিল্লা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দাউদকান্দিতে সাংসদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়ার ওপর দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে।
সোমবার সন্ধ্যায় এ হামলায় সুবিদ আলী ভূঁইয়া সামান্য আহত হন বলে জানিয়েছেন তার একান্ত সচিব সালামত উল্লাহ।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে।
দাউদকান্দি থানার ওসি আবুল ফয়সাল জানান, রাত ৮টার দিকে সুবিদ আলী ভূঁইয়া নিজ বাসভবনে পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছিলেন।
এ সময় গুজব ছড়ায়, সাবেক পৌর কমিশনার মিলন হত্যা মামলার আসামি পাথর শাজাহান সেখানে অবস্থান করছেন।
ওসি জানান, খবর পেয়ে নিহত মিলন কমিশনারের সমর্থকরা সাংসদের বাসভবনে পাথর শাহাজাহানকে খুঁজতে আসে। সাংসদ হৈ-হুল্লোড় শুনে বাসা থেকে বের হয়ে আসলে দুষ্কৃতকারীরা তাকে লক্ষ্য করে ঢিল ছোড়ে।
একটি ঢিল সুবিদ আলী ভূঁইয়ার মুখে পড়ে চোখের নিচে কেটে যায়। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৫৪ ঘ.
bdnews24