ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করতে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর ১৮ দলীয় জোটের নেতাদের পরামর্শও নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার রাতে ১৮ দলীয় জোটের বৈঠকের পর বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, মঙ্গলবার কর্মসূচি ঘোষণা করা হবে।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টার এই বৈঠকে আন্দোলন কর্মসূচি ছাড়াও দেশের বর্তমান পরিস্থিতি ও পদ্মা সেতু প্রকল্প নিয়ে আলোচনা হয় বলে নেতারা জানিয়েছেন।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ সাংবাদিকদের বলেন, “কর্মসূচির বিষয়ে শরিকরা আলাদা আলাদাভাবে মতামত দিয়েছে। সেই মতামত সমন্বয় করে কর্মসূচি চূড়ান্ত করার দায়িত্ব জোট নেত্রী খালেদা জিয়াকে দেওয়া হয়েছে।’’
কী কর্মসূচি আসছে- সে বিষয়ে আগাম কোনো আভাস দিতে রাজি হননি তিনি।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সাংবাদিকদের বলেন, “আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। সরকারের দুর্নীতি, পদ্মা সেতুসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।’’
মির্জা ফখরুল জানান, মঙ্গলবার দুপুর ১২টায় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে, সেখানেই বৈঠকের সিদ্ধান্ত জানানো হবে।
রোববার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর ১৮ দলীয় জোটের এই বৈঠক ডাকেন খালেদা জিয়া।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালে ঈদুল ফিতরের পর বিএনপির জোরদার আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা ছিল। তার মধ্যেই ঈদের পর এই দুটি বৈঠক করলেন বিরোধীদলীয় নেতা।
বিএনপি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে তাতে তারা অংশ নেবে না।
অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ রোববারও এক সভায় বলেছেন, অনির্বাচিত ব্যক্তিদের হাতে কোনোভাবে ক্ষমতা ছাড়া হবে না।
১৮ দলীয় জোটের বৈঠকে সভাপতিত্ব করেন খালেদা জিয়া। এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন।
জোট নেতাদের মধ্যে ছিলেন- এলডিপি সভাপতি অলি আহমদ, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী।
জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, এনডিপি সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, ন্যাপ সভাপতি জেবেল রহমান গানি, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, ন্যাপ-ভাসানীর সভাপতি শেখ আনোয়ারুল হক, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামারুজ্জামান খান, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, পিপলস লীগের সভাপতি গরীব নেওয়াজ, জমিয়তে উলামা ইসলামের মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনিও বৈঠকে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২৩৩০ ঘ.
bdnews24