২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলারির উদ্বেগের জবাব এখনো দেয়নি সরকার

গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের পাঠানো চিঠির জবাব এখনো দেয়নি সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 03:34 PM

Updated : 25 Apr 2022, 09:40 PM

সোমবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তার (হিলারি) কাছ থেকে চিঠি পেয়েছি এবং এর উত্তর এখনো দিইনি।”

ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য বাছাই কমিটি গঠনে ব্যাংকের চেয়ারম্যানকে ক্ষমতা দিয়ে সম্ú্রতি গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে সংশোধন আনায় উদ্বেগ প্রকাশ করে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই চিঠি লেখেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

দীপু মনি বলেন, গ্রামীণ ব্যাংক বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগ অযৌক্তিক এবং ‘ভুল ধারণার’ উপর প্রতিষ্ঠিত।

তিনি বলেন, “বন্ধুপ্রতীম রাষ্ট্রগুলোর উদ্বেগ দূর করতে সরকার পদক্ষেপ নেবে। এ বিষয়টি নিয়ে আমাদের বন্ধুদের সঙ্গে আলোচনার সুযোগ পেলেই আমরা সত্য তুলে ধরব।”

অধ্যাদেশ সংশোধনীর টেক্সট জনসমক্ষে প্রকাশিত হওয়ায় তা আন্তর্জাতিক মহলের উদ্বেগ প্রশমন করবে বলে আশা প্রকাশ করেন দীপু মনি।

“অধ্যাদেশ জারির আগেই একটি অপপ্রচার চালানো হয়েছে এবং এই উদ্বেগের ভিত্তি হচ্ছে এই অপপ্রচার।”

মন্ত্রী জোর দিয়ে বলেন, “সরকার গ্রামীণ ব্যাংক দখল করতে চায় বলে তাদের কানভারি করা হয়েছে। কিন্তু তা ঠিক নয়।”

তিনি আরো বলেন, একটি বিধিবদ্ধ সংস্থা হিসেবে এই ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের জন্য সরকার বদ্ধপরিকর।

গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগের বিষয়টিকে বাংলাদেশের ‘অভ্যন্তরীণ বিষয়’ অভিহিতি করে দীপু মনি বলেন, “এটা খুবই তুচ্ছ একটি বিষয়। এই বিষয় নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এতো শোরগোল স্বাভাবিক নয়।”

গত ২২ থেকে ২৪ অগাস্টের মধ্যে নিউ ইয়র্ক টাইমস্-এ গ্রামীণ ব্যাংক বিষয়ে একটিসহ বাংলাদেশ নিয়ে তিনটি নিবন্ধ প্রকাশিত হয়।