২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমির হাতে মনোনয়নপত্র তুলে দিলেন শেখ হাসিনা

গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে সিমিন হোসেন রিমির হাতে আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলে দিয়েছেন শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে সিমিন হোসেন রিমির হাতে আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলে দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের এলাকা গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনটি ধরে রাখার জন্য দলের সবাইকে এক সঙ্গে কাজ করার আহবানও জানিয়েছেন তিনি। গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক শেষে সোমবার বিকালে গাজীপুরের দলীয় নেতাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে তাজউদ্দিন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমির হাতে মনোনয়ন তুলে দেওয়া হয়। সিমিন হোসেন রোববার দলীয় মনোনয়ন আবেদনপত্র কেনেন এবং সোমবার বিকালে তা জমা দেন। রিমির হাতে মনোনয়নপত্রটি তুলে দেওয়ার আগে শেখ হাসিনা অনুষ্ঠানে বলেন, “সকলকে মিলে কাজ করতে হবে, এটা আমার অনুরোধ। তাজউদ্দিন সাহেবের স্মৃতি ঘেরা এই সিট যেন ধরে রাখতে পারি।” রিমির ভাই তানজিম আহমদ সোহেল তাজের পদত্যাগের কারণে শূন্য এই আসনে উপনির্বাচন হচ্ছে। তানজিমের পদত্যাগ প্রসঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, “সোহেল তাজ পারিবারিক কারণেই পদত্যাগ করেছে। কেউ না জানুক, আমি জানি।” সাধারণত না করলেও তাজউদ্দিন আহমদের মেয়ে বলেই অনুষ্ঠানের মধ্য দিয়ে রিমির হাতে দলীয় মনোনয়ন পত্র তুলে দেওয়ার কথা উল্লেখ করে বলেন, “চাচির (জোহরা তাজউদ্দিন) মতামত নিয়েই রিমিকে মনোনয়ন দিয়েছি। আমি তার হাতে মনোনয়ন তুলে দিচ্ছি। এটা আমরা সাধারণত করি না। তাজউদ্দিন সাহেবের সিট বলেই করছি।” রিমিকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে গত রোববার আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জোহরা তাজউদ্দিনের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। “আমি গিয়ে চাচিকে বলেছি, আপনি যেটা বলবেন আমরা সেটাই করব,” বলেন আওয়ামী লীগ সভানেত্রী। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তাজউদ্দিন আহমদের স্মৃতিচারণ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “বঙ্গবন্ধুর পাশে সব সময় ছায়ার মতো থাকতেন তাজউদ্দিন সাহেব। বঙ্গবন্ধু যেখানেই যেতেন, সেখানেই তাজউদ্দিনকে নিয়ে যেতেন।” ১৯৫৮ সালের সামরিক শাসনের পরবর্তী সময়কার কথা তুলে ধরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, “আব্বা যখন আলফা ইন্স্যুরেন্সে যোগ দিলেন। তখন প্রতিদিন তাজউদ্দিন সাহেবকে সঙ্গে নিয়ে যেতেন। “আব্বা নিজেই গাড়ি চালাতেন। প্রথমে তাজউদ্দিন সাহেবকে বাসা থেকে নিয়ে আমাকে স্কুলে নামাতেন। আবার, বিকালে তাজউদ্দিন আহমদকে বাসায় নামিয়ে ফিরতেন।” অনুষ্ঠানের রিমি সবার কাছে দোয়া ও শুভ কামনা চেয়ে বলেন, “আমি চাই- আপনারা আমার জন্য কাজ করুন। আমি আপনাদের কর্মী হিসাবে কাজ করতে চাই। আমি সমাজ সেবক হিসাবে কাজ করতে চাই।” আগামী ৩০ সেপ্টেম্বর গাজীপুর উপনির্বাচনে ভোটগ্রহণ হবে। বিএনপি এই নির্বাচন বর্জন করছে। ঘোষণা দিয়েও পরে এই নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। শেখ হাসিনা যখন সিমিন হোসেন রিমির হাতে মনোনয়নপত্র তুলে দেন তখন তার সঙ্গে বোন মেহজাবিন আহমেদ মিমিও ছিলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এই উপ-নির্বাচন পরিচালনার জন্য আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা তোফায়েল আহমদ। তিনি বলেন, “সকলকে নিয়ে কাপাসিয়ার ঘরে ঘরে গিয়ে রিমির জন্য কথা বলতে হবে।” এই নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের আশঙ্কাও প্রকাশ করেন দলের উপদেষ্টা পরিষদের এই সদস্য। তিনি বলেন, “আমরা খুশি হব বিএনপি এই নির্বাচনে অংশ নিলে।” বর্তমান আইন অনুযায়ী, কোনো দলের হয়ে প্রার্থী হতে চাইলে কমপক্ষে তিন বছর আগে ওই দলের সদস্যপদ নিতে হয়। তা রিমির রয়েছে জানিয়ে তোফায়েল বলেন, তাজউদ্দিনকন্যা ২০০৩ সালে রায়েত ইউনিয়ন থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছে। অনুষ্ঠানে গাজীপুর আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক বলেন, “আমাদের চ্যালেঞ্জ হল ভোটার উপস্থিতি নিশ্চিত করা।” অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী ও ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য রহমত আলী, হোসেন তৌফিক ইমাম ও আলাউদ্দিন আহমেদ, পরিবেশ বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, কার্যনির্বাহী পরিষদের সদস্য আখতারুজ্জামান ও মমতাজ উদ্দিন আহমদ মেহেদী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০২৫ ঘ.