২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গোলাম আযমের ওজন কমার রহস্য কী’

যুদ্ধাপরাধের অভিযোগে আটক গোলাম আযম কারা হেফাজতে সাত মাসে সাত কেজি ওজন হারিয়েছেন দাবি করে ওজন হ্রাসের ব্যাখ্যা দাবি করেছেন তার স্ত্রী সৈয়দা আফিফা আযম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে আটক গোলাম আযম কারা হেফাজতে সাত মাসে সাত কেজি ওজন হারিয়েছেন দাবি করে ওজন হ্রাসের ব্যাখ্যা দাবি করেছেন তার স্ত্রী সৈয়দা আফিফা আযম। সোমবার এক বিবৃতিতে স্বামীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছেন। একাত্তরে জামায়াতে ইসলামীর আমির গোলাম আযমকে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গত ১১ জানুয়ারি আটক করা হয়। আটকের পর থেকে তিনি কারা হেফাজতে বিএসএমএমইউ হাসপাতালে রয়েছেন। গোলাম আযমের স্বাস্থ্যের বিষয়ে কারা কর্তৃপক্ষ উদাসীনতা দেখাচ্ছে এবং এক্ষেত্রে আদালতের আদেশও মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন আফিফা আযম। তিনি বলেন, “ র্কর্তৃপক্ষের অবহেলার কারণে গত ৭ মাসে আমার স্বামীর ৭ কেজি ওজন কমেছে। বন্দি হওয়ার সময় আমার স্বামীর ওজন ছিল ৭২ কেজি, সম্প্রতি জানতে পারলাম, উনার বর্তমান ওজন ৬৫ কেজিতে নেমে এসেছে। “এত অল্প সময়ে ৭ কেজি ওজন কমা স্বাভাবিক নয়। আমরা কর্তৃপক্ষের কাছে অত্যন্ত জোর দিয়ে এ অস্বাভাবিক ওজন কমার ব্যাখ্যা দাবি করছি। এত অল্প সময়ে ৭ কেজি ওজন কেন কমেছে, এর পেছনে কোনো রহস্য রয়েছে কি না, উনার জীবন নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলছে কি না- ইত্যাদি আমরা স্পষ্টভাবে জানতে চাই।” কারা কর্তৃপক্ষকে হুঁশিয়ার করে আফিফা আযম বলেন, “কর্তৃপক্ষ সত্বর সন্তোষজনক জবাব না দিলে আমরা ধরে নেব যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উনার জীবননাশের পরিকল্পনা নিয়েই এ কাজ করা হচ্ছে। সে ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব।” গোলাম আযমের স্ত্রীর অভিযোগ, তার ৯০ বছর বয়সি স্বামীর স্বাস্থ্য, পরিমিত ও সুষম খাবার, পরিবারের সঙ্গে সাক্ষাৎ, লেখাপড়ার সামগ্রী সরবরাহসহ সকল বিষয়ে কর্তৃপক্ষ নির্লিপ্ত। “এ ব্যাপারে লেখালেখি করে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের বহু চেষ্টা করেও লাভ হয়নি। অবস্থাদৃষ্টে মনে হয়, ‘উপরের মহলের’ ইঙ্গিতে ও প্রত্যক্ষ মদদেই এসব করা হচ্ছে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৯২৫ ঘ.