২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের প্রার্থী বাছাইয়ে এরশাদ

গাজীপুর-৪ আসনে উপ-নির্বাচনের প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 11:31 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ আসনে উপ-নির্বাচনের প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ। সরকারদলীয় সংসদ সদস্য তানজিম আহমদ সোহেল তাজের পদত্যাগের কারণে শূন্য হওয়া ওই আসনে মনোনয়নপ্রত্যাশী চারজনের সাক্ষাৎকার ইতোমধ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির জনসংযোগ ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়। তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সাক্ষাৎকার নেন চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।” ওই আসনে লাঙল প্রতীকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে সাক্ষাৎকার দিয়েছেন মুস্তাফিজুর রহমান মোস্তফা, জিয়াউর রহমান, সামসুদ্দিন খান ও মোয়াজ্জেম হোসেন। সাক্ষাৎকার নেওয়ার সময় জাপা চেয়ারম্যান ছাড়াও ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, আনিসুল ইসলাম মাহমুদ, টি আই ফজলে রাব্বী ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার। সুনীল শুভ রায় জানান, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনে দলের প্রার্থীর নাম জানিয়ে দেওয়া হবে। এর আগে, রোববার জাপার সভাপতিমণ্ডলীর সভায় গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত হয়। আগামী ৩০ সেপ্টেম্বর গাজীপুর-৪ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে পদত্যাগী সোহেল তাজের বোন সিমিন হোসেন রিমিকে। সোহেল তাজ ও রিমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিনের সন্তান। এ নির্বাচনে অংশ গ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে ৩ সেপ্টেম্বরের মধ্যে। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ৫ সেপ্টেম্বর এবং আবেদন প্রত্যাহারের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এমআই/১৭২৭ ঘ.