ঠাকুরগাঁও, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতার তালিকা অনুযায়ী ঋণ না দেওয়ায় ঠাকুরগাঁওয়ে সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে ব্যাংকটির পীরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. জিল্লুর রহমানকে মারধর করা হয়। এ ঘটনায় রাতে একটি মামলা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি মেহেদি হাসান বলেন, জিল্লুর রহমান বাদী হয়ে পীরগঞ্জ থানায় করা এ মামলায় আসামিরা হলেন যুবলীগের পীরগঞ্জ উপজেলা সহসভাপতি আনোয়ার হোসেন (৪৬) এবং সদস্য আবুল ফজল বাবুলসহ (৩৫) অজ্ঞাত পরিচয় আরো ৬/৭ জন।
মামলার অভিযোগে বলা হয়, গত ২২ অগাস্ট স্থানীয় যুবলীগ নেতা আবুল ফজল বাবুল ব্যাংকের ব্যবস্থাপক জিল্লুর রহমানকে ১০ জনের নামের একটি তালিকা দেন।
এদের দ্রুত ঋণ দেওয়ার জন্য জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. ইমদাদুল হকের সুপারিশ ছিল।
মামলার বিবরণে বলা হয়, তালিকা অনুযায়ী ইতোমধ্যে এক জনকে ঋণ দেওয়া হয়েছে। আরো দুই জনকে ঋণ দেওয়ার জন্য কাগজপত্র তৈরি করা হচ্ছে। অন্যদেরও পর্যায়ক্রমে ঋণ দেওয়ার কার্যক্রম চলছে।
কিন্তু রোববার দুপুরের দিকে পাশের মসজিদে জোহরের নামাজ পড়ে ব্যাংক কার্যালয়ে যাওয়ার পথে যুবলীগ নেতা আনোয়ার হোসেন ও শাহজাহানের নেতৃত্বে চারটি মোটরসাইকেলে আট জন জিল্লুর রহমানকে ঘেরাও করে।
তালিকা অনুযায়ী ঋণ না দেওয়ায় তারা তাকে গালাগাল, টানাহেঁচড়া ও মারধর করে জিল্লুর রহমানকে মোটরসাইকেলে তুলে ইমদাদুল হকের ব্যবসায়িক কার্যালয়ে নিয়ে যায়। সেখানে তাকে আবারো মারধর করা হয়।
অভিযোগে আরো বলা হয়, ইমদাদুল হক এক দিনের মধ্যে ব্যবস্থাপককে ওই শাখা থেকে ট্রান্সফার নিয়ে অন্য শাখায় চলে যেতে বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/১৭১৩ ঘ.
bdnews24