২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবমাননা: সাজেদার বক্তব্য শুনবে ট্রাইব্যুনাল

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার আবেদনের শুনানি শেষে সোমবার এই আদেশ দেয় ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 08:46 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগ নিয়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বক্তব্য জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার অভিযোগের প্রেক্ষিতে সোমবার এই আদেশ দেয় ট্রাইব্যুনাল। সাজেদা ১০ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে এই অভিযোগের বিষয়ে তার বক্তব্য ট্রাইব্যুনালকে জানাতে পারবেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আদেশে বলেছে, এ বিষয়টির পূর্ণ শুনানি প্রয়োজন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গত ২৭ জুলাই এক সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরীর বক্তব্যকে কেন্দ্র করে গত ৫ জুলাই ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অবমাননার এই অভিযোগ আনা হয়। আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃত করে দৈনিক আমার দেশে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “রাজাকাররা আইন মেনে একাত্তরে নির্যাতন করেনি। কাজেই এত আইন দেখলে হবে না। বসে বসে আইন কপচালে হবে না। আগেই দু/একটাকে ঝুলিয়ে দিলে ওদের আইন নিয়ে কপচানি বন্ধ হবে।” বিএনপি সমর্থক দৈনিক আমার দেশের প্রতিবেদনে আরো বলা হয়, “ওরা (যুদ্ধাপরাধীরা) যখন ’৭১ সালে আমার ভাইকে হত্যা করেছিল, মেয়েদের ঘর থেকে বের করে নিয়ে গেছে, তখন কোথাও আইন ছিল না। অনেকেই প্রশ্ন তোলে, যুদ্ধাপরাধীদের বিচারে এত আইন-কানুনের কী দরকার? তারা (স্বাধীনতা বিরোধীরা) যখন অত্যাচার করেছে, তখন কোন আইন দেখে করেছিল? আইন দেখে আমরা স্বাধীনতা যুদ্ধ করিনি।” আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, এ ধরনের মন্তব্যে অভিযুক্তদের ন্যায়বিচার পাওয়া ব্যাহত হবে। সোমবারের আদেশে সাজেদা চৌধুরীর সশরীরে আদালতে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়নি। আইনজীবীর মাধ্যমে আদেশের জবাব দেওয়া যাবে বলে ট্রাইব্যুনালের আদেশে বলা হয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বর্তমানে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সংগঠন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিচার চলছে। একাত্তরে দলটির সাবেক আমীর গোলাম আযম, বর্তমান আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, মো. কামারুজ্জামান, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার চলছে। এছাড়া জামায়াতের অর্থদাতা ও একাত্তরে আল-বদর বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার মীর কাসেম আলী ও দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/জেকে/১৪৩৫ ঘ.