ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের পরামর্শ নিয়ে ১৮ দলীয় জোটের নেতাদের বৈঠকে ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার স্থায়ী কমিটির বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তা সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগেই হবে ১৮ দলীয় জোটের বৈঠক।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালে ঈদুল ফিতরের পর বিএনপির জোরদার আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা ছিল। তার মধ্যেই ঈদের পর এই বৈঠক করলেন বিরোধীদলীয় নেতা।
বিএনপি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে তাতে তারা অংশ নেবে না।
অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ রোববারও এক সভায় বলেছেন, অনির্বাচিত ব্যক্তিদের হাতে কোনোভাবে ক্ষমতা ছাড়া হবে না।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত সোয়া ৯টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। খালেদা জিয়ার সভাপতিত্বে পৌনে ১১টা পর্যন্ত বৈঠক চলে।
বৈঠক চলাকালেই রাত ১০টায় বেরিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, অর্থনৈতিক অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ প্রভৃতি বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা চলছে। সোমবার বৈঠকের সিদ্ধান্ত আপনাদের জানাব।”
সোমবার রাত ৮টায় ১৮ দলীয় জোটের বৈঠক হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিরোধীদলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান। ১৮ দলীয় জোটের বৈঠকের পরই সংবাদ সম্মেলন হবে।
বৈঠকে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সারোয়ারী রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২৩৩৮ ঘ.
bdnews24