২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জনগণের সাড়া না পেয়ে পিছু হটছে বিএনপি’

বিরোধী দল আন্দোলনের কথা বললেও তাতে জনগণ সাড়া দিচ্ছে না বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা মাহাবুব-উল আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দল আন্দোলনের কথা বললেও তাতে জনগণ সাড়া দিচ্ছে না বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা মাহাবুব-উল আলম হানিফ। নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় বিএনপির দাবিও প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, কোনো অনির্বাচিত ব্যক্তির হাতে ক্ষমতা দেওয়া হবে না। শিশু একাডেমি মিলনায়তনে রোববার ঢাকা জেলা ছাত্রলীগের এক আলোচনা সভায় হানিফ বলেন, “বিএনপির আন্দোলনে জনগণের কোনো সাড়া নেই বলেই তারা আন্দোলন থেকে পিছু হটছে। জনসম্পৃক্ততা না থাকায় বিরোধী দলের আন্দোলন মুখ থুবড়ে পড়েছে।” নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় ঈদুল ফিতরের পর বিএনপির কঠোর আন্দোলনের হুমকি রয়েছে। এখন পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা না করলেও রোববার রাতে দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে বসছে। সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি ও মনোবল কিছুই নেই।” তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে বিরোধী দলের দাবিকে ‘মামার বাড়ির আবদার’ অভিহিত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, “কোনো অনির্বাচিত ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে না। উচ্চ আদালতের রায়ের আলোকে জাতীয় সংসদে অসাংবিধানিক ব্যবস্থা বাতিল করা হয়েছে।” তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরিয়ে আনা সম্ভব নয়, বলেন তিনি। আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে চায় বলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, “আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে চায় না। সব দলের অংশগ্রহণে জনগণের রায় নিয়েই ক্ষমতায় যেতে চায়।” ২১ অগাস্টের গ্রেনেড হামলায় বিএনপি নেতাদের যোগসূত্র ছিল দাবি করে এ নিয়ে বিরোধী দলের নেতাদের বক্তব্যও নাকচ করেন হানিফ। তিনি বলেন, “১৯৭৫ সালের ১৫ অগাস্ট যখন জাতির জনককে হত্যা করা হয়, তখন আমরা বলেছিলাম, এ হত্যার সঙ্গে জিয়াউর রহমানের সম্পৃক্ততা রয়েছে। তখন তারা মিথ্যা বলে অভিহিত করলেও পরবর্তীতের বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুুনি রশিদ, কর্নেল ফারুকের স্বীকারোক্তিতে স্পষ্ট হয়েছে, জিয়াউর রহমানের সঙ্গে বৈঠক করেই পরিকল্পিতভাবেই এই হত্যাকা- ঘটানো হয়েছিল। “ঠিক তেমনি ২১ অগাস্ট গ্রেনেড হামলায় বিএনপি সরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঘটিয়েছে।” গ্রেনেড হামলার বিচারের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না ঘোষণা দিয়ে হানিফ বলেন, “যত বড় নেতাই হোক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।” ঢাকা জেলা ছাত্রলীগের আহ্বায়ক এম এ এইচ আবিদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এনামুল হক শামীম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০৩৬ ঘ.