২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলদের অভিযোগ গঠন ১৮ সেপ্টেম্বর

হরতালের সময় সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের মামলায় বিরোধী দলের ২৯ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আগামী ১৮ সেপ্টেম্বর দিন রেখেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 09:58 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সময় সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের মামলায় বিরোধী দলের ২৯ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আগামী ১৮ সেপ্টেম্বর দিন রেখেছে আদালত। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. জহুরুল হক এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে অভিযোগ গঠনের এই দিন ধার্য করেন। এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। ওই রাতেই শাহবাগ থানায় মামলা দায়ের করে পুলিশ। পুলিশ গত ৩১ মে মির্জা ফখরুলসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এই অভিযোগপত্র গ্রহণ করা হবে কি না- সে বিষয়ে শুনানি শুরু হয় গত ২৬ জুলাই। আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া ও বোরহান উদ্দিন শুনানিতে বলেন, অভিযোগপত্রে জোট নেতাদের বোমা হামলার হুকুমদাতা বলা হলেও যারা হামলা চালিয়েছে- তাদেরই পুলিশ ধরতে পারেনি। এই যুক্তিতে তারা পুলিশের অভিযোগপত্র গ্রহণের বিরোধিতা করেন। অন্যদিকে তা গ্রহণ করে অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরুর পক্ষে যুক্তি তুলে ধরেন এ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। দুই দিন শুনানি শেষে বিচারক রোববার অভিযোগপত্র গ্রহণ করে অভিযোগ গঠনের জন্য ১৮ সেপ্টেম্বর দিন রাখেন। আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়া সবাই এদিন আদালতে উপস্থিত ছিলেন। এই ২৮ জনকে আদালত স্থায়ী জামিন দিয়েছেন। এর আগে হরতালে গাড়ি পোড়ানোর একটি মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে গত ৩১ জুলাই অভিযোগ গঠন করে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৫৫২ ঘ.