২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলকে বিদেশে যেতে বাধা নয়: হাই কোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিদেশ যেতে বা ফিরে আসতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 07:57 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিদেশ যেতে বা ফিরে আসতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। মির্জা ফখরুলের একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও মো. আশরাফুল কামাল রোববার অন্তবর্তীকালীন এই আদেশ দেয়। দুটি রুল জারি করে তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন সময়ের জন্য এই নির্দেশনা দেওয়া দিয়েছে আদালত। বাদীর বিদেশ যাত্রায় বিবাদীদের গৃহিত ‘অবৈধ কাযক্রমকে’ কেন এখতিয়ার বহির্ভূত ঘোষণা করা হবে না এবং বিদেশ যাত্রা ও বিদেশ থেকে ফিরে আসতে বাধা প্রদান না করতে বা কোনো নিষেধাজ্ঞা না দিতে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না- রুলে তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, উপ-মহাপরিদর্শক (হেড কোয়ার্টার), ঢাকার জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ইমিগ্রেশন) চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সরকার পক্ষে ছিলেন সহাকারি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম। গত ৬ অগাস্ট বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ‘১৮ দলের নেতাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদের ভিত্তিতে সকালে এই রিট আবেদন করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৭৮ নেতার বিদেশগমনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। দেশের সবকটি বিমান, স্থল ও নৌবন্দরসহ সীমান্ত পয়েন্টগুলোতে সতর্ক পাহারা বসানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। ইমিগ্রেশনেও প্রত্যেকের নামের তালিকা পাঠানো হয়েছে। ওই তালিকার প্রথমেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, “একটি সভায় যোগ দিতে আগামী ২৯ অগাস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমেরিকা যাবেন। ওই প্রতিবেদনে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার কথা রয়েছে। সরকার ওই প্রতিবেদনের প্রতিবাদ দেয়নি। তাই আমার মক্কেলের আশঙ্কা, তিনি বিদেশ যেতে চাইলে তাকে বাধা দেওয়া হতে পারে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৩৫১ ঘ.