ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রোববার এই আদেশ দেয়। একইসঙ্গে কারাগারে আজহারুল ইসলামের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।
গত ২২ অগাস্ট ট্রাইব্যুনাল আজহারের বিরুদ্ধে পরোয়ানা জারির কয়েক ঘণ্টার মধ্যে তাকে মগবাজারের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আইনজীবীরা জামিনের আবেদন করেন।
ওইদিন শুনানি শেষে রোববার আদেশের দিন রেখে আজহারকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল প্রধান বিচারপতি নিজামুল হক।
আজহারুলের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক শুনানিতে বলেন, তার মক্কেলের স্বাস্থ্যের অবস্থা ভাল নয়। চিকিৎসার জন্য তার জামিন প্রয়োজন। তাছাড়া উদ্দেশ্যমূলকভাবে কারাগারে আটকে রাখার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর বিরোধিতায় প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, আজহারের বিরুদ্ধে একাত্তরে রংপুরে হত্যা, ধর্ষণ, লুটপাটসহ মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
রোববার আদেশে ট্রাইব্যুনাল বলেছে, কারাগারে রেখেই আজহারুল ইসলামের চিকিৎসা সম্ভব। তাকে জামিন দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।
বিভিন্ন মামলায় কয়েক মাস কারাগারে থাকার পর গত ১৬ অগাস্ট জামিনে মুক্তি পেয়েছিলেন আজহার। ২২ অগাস্ট আবার গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তোলার সময় আজহার সাংবাদিকদের বলেন, “সরকার অবৈধভাবে আমাকে গ্রেপ্তার করেছে। তবে জনগণ আমাদের সঙ্গে রয়েছে। বিজয় আমাদের হবে।”
একাত্তরে জামায়াতের তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের রংপুর জেলার সভাপতি ছিলেন আজহার। ওই জেলায় আল বদর বাহিনী সংগঠিত করতে তার ভূমিকা ছিল বলেও অভিযোগ রয়েছে।
যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাত নেতা গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন- দলের মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মো. কামারুজ্জামান, মজলিসে শূরার সদস্য মীর কাসেম আলী।
এছাড়া যুদ্ধাপরাধের বিচার চলছে বিএনপির দুই নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আব্দুল আলীমের বিরুদ্ধে। সংসদ সদস্য সালাউদ্দিন কাদের কারাগারে থাকলেও শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আলীম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১১২৩ ঘ.
bdnews24