ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আবার আন্তর্জাতিক এই সংস্থাকে পদ্মা সেতু প্রকল্পে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ায় সরকারকে ‘বেহায়া’ বলে আখ্যায়িত করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
শনিবার বিকালে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
প্রধান বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “সরকার এতোই নির্লজ্জ ও অদক্ষ যে, একবার বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। এখন আবার তাদের কাছে হাত পেতে সহায়তা ফিরে পাওয়ার চেষ্টা চালাচ্ছে। কীরকম অর্বাচীন সরকার হলে এরকম কাজ করতে পারে।”
দুর্নীতির অভিযোগ তুলে গত জুন মাসে পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্ব ব্যাংক সরে যাওয়ার পর সরকার নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের ঘোষণা দিলেও আন্তর্জাতিক এই সংস্থাটির সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে।
বিশ্ব ব্যাংক ঋণচুক্তি বাতিল করলেও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপানি উন্নয়ন সংস্থা জাইকার চুক্তির মেয়াদ ৩১ অগাস্ট পর্যন্ত রয়েছে। ফলে এর মধ্যেই বিশ্ব ব্যাংকের সঙ্গে ফয়সালা করতে হবে সরকারকে।
পদ্মা সেতু প্রকল্পে ফিরিয়ে আনতে বিশ্ব ব্যাংকের সঙ্গে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে তাতে সফলতা আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি শনিবার তার মিন্টো রোডের বাড়িতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমঝোতার সব বাধা-বিপত্তি কেটে যাচ্ছে। আশা করছি, এক সপ্তাহের মধ্যে সমাধান হবে।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরামের উদ্যোগে ‘চলমান সংকট নিরসনে সরকারের ভূমিকা ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্ব ব্যাংক সম্পর্কে বিভিন্ন সময়ে সরকার প্রধানসহ অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, সরকারের দুর্নীতির কারণে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে বিশ্ব ব্যাংক। সংসদে সরকার প্রধানসহ অর্থমন্ত্রী যেভাবে এই আন্তর্জাতিক সংস্থাটির সমালোচনা করেছেন, তাতে প্রমাণ হয় এই সরকার কত অদক্ষ সরকার।
তিনি অর্থমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে বলেন, “আপনি বলেছিলেন, পদ্মা সেতু নিজেদের অর্থায়নে করবেন। মালয়েশিয়ার অর্থায়নে করবেন। বিশ্বব্যাংকের অর্থায়ন দরকার হবে না। তাই যদি হয়, এখন কেনো বিশ্ব ব্যাংকের সহায়তা পেতে ধর্না দিচ্ছেন? ঋণ পেতে সরকারের বিশ্ব ব্যাংকের পায়ে ধরার কেবল বাকী আছে।’’
মহাজোট সরকারই দেশে ‘সংকট’ সৃষ্টি করছে অভিযোগ করে মওদুদ বলেন, একটির পর একটি সংকট সৃষ্টির মাধ্যমে দেশকে তারা এক মহাসংকটের দিকে নিয়ে গেছে। এজন্য সরকারের ‘ব্যর্থতাকে’ দায়ী করেন তিনি।
‘‘পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা তুলে দিয়ে সরকার দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। এর মাধ্যমে তারা সবচেয়ে বড় সংকট সৃষ্টি করেছে।”
বিচার বিভাগ, নির্বাচন কমিশন, বাংলাদেশ কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ সাংবিধানিক সব প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না দাবি করে সাবেক আইনমন্ত্রী বলেন, সরকারের ‘দলীয়করণ ও হস্তক্ষেপের’ কারণে এসব প্রতিষ্ঠান কোনোটিই এখন কাজ করতে পারছে না। অথচ তারা আইন অনুযায়ী স্বাধীন আছে।
হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলার বৈধ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ প্রসঙ্গে এই বিএনপি নেতা আরো বলেন, ওই মিথ্যা মামলাটি ‘অবৈধ’ ছিলো। যে আদালতে এই মামলাটি বিচারাধীন ছিলো, সেই আদালত গঠনে সরকার কোনো গ্যাজেট নোটিফিকেশন করেনি। অথচ ওই আদালতের নির্দেশে ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের একমাস কারাগারে থাকতে হয়েছে।
সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি এম এম মেহবুব রহমান, নাগরিক সংসদের সভাপতি খালেদা ইয়াসমীন, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০৩ ঘ.
bdnews24