ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিনের সঙ্গে দেখা করে তার দুই মেয়েকে নিয়ে গণভবনে ফিরেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানী ডিওএইচএসে জোহরা তাজউদ্দিনের বাড়িতে যান।
এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, জোহরা তাজউদ্দিনের দুই মেয়ে সেখানে উপস্থিত ছিলেন।
শেখ হাসিনার যাওয়ার তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ।
প্রায় ৫০ মিনিট অবস্থান করে জোহরা তাজউদ্দিনের দুই মেয়ে সিমিন হোসেন রিমি ও মাহজাবিন আহমদ মিমিকে নিয়ে গণভবনে ফেরেন প্রধানমন্ত্রী।
গাজীপুর-৪ আসনে নির্বাচনের ক্ষেত্রে তাজউদ্দিনের পরিবারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওই আসনে ১৯৯৬ সালে সংসদ সদস্য ছিলেন তাজউদ্দিনের ভাই আফসার উদ্দিন আহমদ খান।
তাজউদ্দিন এবং জোহরা তাজউদ্দিনের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ ২০০১ ও ২০০৮ সালে ওই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
তবে সোহেল তাজের পদত্যাগের পর আসনটি শূন্য হয়ে পড়লে গত ২৩ অগাস্ট উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
সোহেল তাজের চাচা আফসার উদ্দিন আহমদ আবার এ আসনে আওয়ামী লীগের টিকিট পেতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সোহেল তাজের বোন সিমিন হোসেন রিমিও প্রার্থিতার লড়াইয়ে থাকছেন বলে বিভিন্ন সংবাদপত্রে খবর ছাপা হয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মমতাজউদ্দিন আহমদ মেহেদীও এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ভোট অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচন বর্জন করছে প্রধান বিরোধী দল বিএনপি।
সংসদীয় বোর্ডের সভা
গণভবনে ফেরার কিছুক্ষণের মধ্যে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে বসেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে দলের সভাপতিম-লীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, কাজী জাফর উল্লাহ ও ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টাম-লীর সদস্য তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমদ উপস্থিত আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এমআই/১৯১৪ ঘ.
bdnews24