চট্টগ্রাম, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে আত্মগোপন করে থাকা বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ফিরোজ খান কালু নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যার দিকে নগরীর ঈদগাহ এলাকায় নিজ বাসার কাছ থেকে অজ্ঞাত পরিচয় কয়েকজন লোক ফিরোজকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার স্ত্রী আমেনা আক্তার দীপ্তি।
এই ছাত্রদল নেতা বরিশালে একটি হত্যা মামলার পলাতক আসামী। মামলার পর গত মে মাস থেকে তিনি সপরিবারে চট্টগ্রাম নগরীতে থাকতেন।
দীপ্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার সন্ধ্যায় ফিরোজ মাগরিবের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে তিনি জানান, ঈদগাহ বড় ওয়াপদা মসজিদে নামাজ আদায়ের পর ফিরোজ মসজিদের সামনে একটি দোকানের সামনে দাঁড়িয়ে চা পান করছিলেন। ওই সময় কালো রংয়ের একটি মাইক্রোবাসে করে চার-পাঁচজন লোক সেখানে আসে। তারা ফিরোজকে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়।
ওই গাড়িটিতে ‘সিআইডি’ লেখা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা তাকে জানান বলে দাবি করেন দীপ্তি।
শুক্রবার রাত থেকেই ফিারোজের মোবাইল ফোন বন্ধ থাকায় তিনি সম্ভাব্য সব থানা এবং র্যাব-৭ কার্যালয়ে বিষয়টি অবহিত করেন।
নগর পুলিশের উপ-কমিশনার (সদর) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি এ ঘটনার কথা লোকমুখে শুনেছেন। তারা এই নামে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করেননি এবং এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগও আসেনি।
তবে, এর রহস্য উদঘাটনে গোয়েন্দা পুলিশ কাজ করছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
র্যাব চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান বলেন, এ ধরনের কোনো অভিযোগ সম্পর্কে তিনি অবহিত নন। শুক্রবার কোনো ব্যক্তিকেই গ্রেপ্তার করেনি র্যাব।
এছাড়া, এধরনের কোনো গাড়ি র্যাব ব্যবহার করে না বরেও জানালেন তিনি।
ফিরোজের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে বলে স্ত্রী দীপ্তি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/১৮৪২ ঘ.
bdnews24