২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোহরা তাজউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ হাসিনার

গাজীপুর উপনির্বাচনের তফসিল ঘোষণার পর তাজউদ্দিন আহমদের স্ত্রীর সঙ্গে দেখা করে এলেন শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 10:31 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণার দুই দিনের মাথায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিনের সঙ্গে দেখা করলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানী ডিওএইচএসে জোহরা তাজউদ্দিনের বাড়িতে যান। সন্ধ্যায় তিনি সেখান থেকে সরাসরি গণভবনে ফেরেন। শেখ হাসিনার যাওয়ার তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ। গাজীপুর-৪ আসনে নির্বাচনের ক্ষেত্রে তাজউদ্দিনের পরিবারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওই আসনে ১৯৯৬ সালে সংসদ সদস্য ছিলেন তাজউদ্দিনের ভাই আফসার উদ্দিন আহমদ খান। তাজউদ্দিন এবং জোহরা তাজউদ্দিনের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ ২০০১ ও ২০০৮ সালে ওই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে সোহেল তাজের পদত্যাগের পর আসনটি শূন্য হয়ে পড়লে গত ২৩ অগাস্ট উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সোহেল তাজের চাচা আফসার উদ্দিন আহমদ আবার এ আসনে আওয়ামী লীগের টিকিট পেতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সোহেল তাজের বোন সিমিন হোসেন রিমিও প্রার্থিতার লড়াইয়ে থাকছেন বলে বিভিন্ন সংবাদপত্রে খবর ছাপা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মমতাজউদ্দিন আহমদ মেহেদীও এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন। ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ভোট অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচন বর্জন করছে প্রধান বিরোধী দল বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এমআই/১৯১৪ ঘ.